‘ইরান ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা অত্যন্ত সন্তোষজনক’
-
শনিবার তেহরানে জেনারেল মুসাভির (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল বিলাল আকবর
ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি পাকিস্তানের সঙ্গে তার দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি শনিবার তেহরান সফররত পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব স্টাফ লে. জেনারেল বিলাল আকবরের সঙ্গে এক বৈঠকে এ সন্তোষ প্রকাশ করেন।
ইরান ও পাকিস্তানের মধ্যে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতি ও ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে জেনারেল মুসাভি সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ইরান ও পাকিস্তানের উচিত জল, স্থল ও আকাশে নিজেদের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতাকে আরো শক্তিশালী করা।
পাকিস্তানের সঙ্গে মার্কিন সরকারের ঔদ্ধত্বপূর্ণ আচরণের নিন্দা জানিয়ে ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ বলেন, ইরান ও পাকিস্তানের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে যেন কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য তেহরান ও ইসলামাবাদকে সজাগ থাকতে হবে।
সাক্ষাতে দু’দেশের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে পাক সেনাবাহিনীর চিফ অব স্টাফ বলেন, সীমান্ত এলাকায় ইরান ও পাকিস্তান অভিন্ন শত্রুর মোকাবিলা করছে। কাজেই দ্বিপক্ষীয় সম্পদ ও স্বার্থ রক্ষায় দু’দেশের সামরিক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নিখুঁত ও দৃঢ় সহযোগিতা থাকা জরুরি।
গত মঙ্গলবার পাকিস্তান থেকে আসা সশস্ত্র জঙ্গিদের হামলায় দু’দেশের সীমান্তবর্তী মিরজাভে শহরে তিন ইরানি সীমান্তরক্ষী নিহত ও অপর আটজন আহত হন। ওই হামলার পর গত বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আসিফ আলী খান দুররানিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ওই ঘটনার জের ধরে পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল বিলাল আকবর তেহরান সফর করলেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১