শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় আইআরজিসি প্রস্তুত: জেনারেল জাফারি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, তারা শত্রুর যেকোনো হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন। আজ (বুধবার) বন্দর আব্বাসে আইআরজিসির কমান্ডারদের পুরষ্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানের নৌসেনারা হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে আসছে। পারস্য উপসাগরীয় দেশগুলোকে নিয়ে ইরান ওই উপসাগরের জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে চায় বলে তিনি জানান।
আইআরজিসি'র কমান্ডার বলেন, আমরা সব সময় শান্তি ও বন্ধুত্বের বার্তা দিয়ে এসেছি। আমরা এ অঞ্চলের দেশগুলো মিলে এখানকার নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এর ফলে পারস্য উপসাগরে বিদেশি সেনাদের দরকার হবে না।
তিনি বলেন, ইরানের সামরিক শক্তির একমাত্র লক্ষ্য হচ্ছে প্রতিরক্ষা। প্রতিরক্ষা শক্তির কারণে শত্রুরা ইরানের জলসীমা লঙ্ঘনের সাহস পায় না এবং ক্রমেই তারা এ বিষয়ে হতাশ হয়ে পড়ছে।
বিপ্লবের পর থেকেই শত্রুরা নানা উপায়ে ইরানের ক্ষতি করার চেষ্টা করলেও কখনোই তারা সফল হতে পারে নি বলে তিনি জানান।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন