নভেম্বরের আগেই বিশেষ ব্যবস্থায় ইরানের সঙ্গে লেনদেন শুরু হবে: ইইউ
https://parstoday.ir/bn/news/iran-i64614-নভেম্বরের_আগেই_বিশেষ_ব্যবস্থায়_ইরানের_সঙ্গে_লেনদেন_শুরু_হবে_ইইউ
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ব্যাংকিং চ্যানেলে বিশেষ ব্যবস্থায় ইরানের সঙ্গে ইইউ’র অর্থনৈতিক লেনদেন নভেম্বরের আগেই শুরু হবে। ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার লক্ষ্যে দু’দিন আগে ওই বিশেষ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেয় ইইউ।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৮ ১৫:৩০ Asia/Dhaka
  • ফেডেরিকা মোগেরিনি
    ফেডেরিকা মোগেরিনি

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ব্যাংকিং চ্যানেলে বিশেষ ব্যবস্থায় ইরানের সঙ্গে ইইউ’র অর্থনৈতিক লেনদেন নভেম্বরের আগেই শুরু হবে। ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার লক্ষ্যে দু’দিন আগে ওই বিশেষ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেয় ইইউ।

নভেম্বরে ইরানের বিরুদ্ধে আমেরিকার দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই এ ব্যবস্থা কাজ শুরু করবে বলে মোগেরিনি জানান। তিনি বুধবার বলেন, ইরানের সঙ্গে লেনদেন সহজ করার লক্ষ্যে ‘স্পেশাল পারপাস ভেহিকেল’ বা এসপিভি নামের যে বিশেষ ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত ইউরোপ নিয়েছে তা নভেম্বরের গোড়ার দিকে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে কাজ শুরু করবে বলে তিনি আশা করছেন। অবশ্য বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে মোগেরিনি স্বীকার করেন।

নিউ ইয়র্কে যৌথ সংবাদ সম্মেলনে মোগেরিনি ও জারিফ

গত সোমবার আমেরিকা ছাড়া বাকি পাঁচ জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও মোগেরিনির বৈঠকে প্রথম এসপিভি প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ওই বৈঠকে ইরানের উদ্বেগ প্রশমনের লক্ষ্যে এ ব্যবস্থা স্থাপনের ঘোষণা দেয় পাঁচ জাতিগোষ্ঠী।

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে ইইউ ইরানকে এতে টিকে থাকার আহ্বান জানায়। ইরান ইউরোপের ওই আহ্বানে ইতিবাচক সাড়া দিয়ে ঘোষণা করে, আমেরিকার অনুপস্থিতিতে তেহরানের যে আর্থিক ক্ষতি হবে তা বাকি পাঁচ দেশকে পুষিয়ে দিতে হবে। তা না হলে ইরানের পক্ষে এ সমঝোতায় টিকে থাকা সম্ভব হবে না। মূলত ইরানের সে দাবি মেনে নিতেই বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে ইউরোপসহ পাঁচ জাতিগোষ্ঠী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭