আমেরিকার বিরুদ্ধে গোটা বিশ্ব ঐক্যবদ্ধ হচ্ছে: আইআরজিসি
-
ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমেরিকার বিরুদ্ধে গোটা বিশ্ব ঐক্যবদ্ধ হচ্ছে এবং ইরান বিরোধী পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বিশ্বের কোনো দেশ আমেরিকাকে সহযোগিতা করছে না।
তিনি রোববার রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত কোম নগরীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন।
জেনারেল সালামি বলেন, মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের রাজনৈতিক আলোচনায় ইরান একটি প্রধান অংশ দখল করে আছে। তিনি আরো বলেন, এই মূহুর্তে আমেরিকা একঘরে অবস্থায় রয়েছে এবং অদূর ভবিষ্যতে একে একে নিজের মিত্র হারাতে থাকবে ওয়াশিংটন।
আইআরজিসি’র উপ-প্রধান বলেন, শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়িয়ে ইরানের জনগণ তাদের শত্রুদের পরাজিত করেছে। এ ছাড়া, ইরানের শত্রুদের মোকাবিলা করার জন্য দেশের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে জেনারেল সালামি বলেন, ইরানের সাফল্যে শত্রুদের ভীত হয়ে পড়াকে তেহরানের মোকাবিলায় তাদের ব্যর্থতা হিসেবে উল্লেখ করা যায়।
আমেরিকার পক্ষে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা দেয়া সম্ভব নয় বলে উল্লেখ করেন জেনারেল সালামি বলেন, সারাবিশ্বের নির্যাতিত মানুষ ইরানকে আদর্শ হিসেবে গ্রহণ করে আগ্রাসী ও জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এ ছাড়া, ইরানের ইসলামি বিপ্লবের কারণে বিশ্বে মুসলমানদের অবস্থান শক্তিশালী হয়েছে বলেও তিন মন্তব্য করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫