ইরানে মাইন-বিরোধী বিশেষ সামরিক যানের উন্মোচন (ভিডিও)
https://parstoday.ir/bn/news/iran-i65995-ইরানে_মাইন_বিরোধী_বিশেষ_সামরিক_যানের_উন্মোচন_(ভিডিও)
ইসলামি প্রজাতন্ত্র ইরানে মাইন-বিরোধী নতুন ধরনের সামরিক যান (এমআরএপি) উন্মোচন করা হয়েছে। ইরানের সামরিক বিশেষজ্ঞরা নতুন এ সামরিক যানের নকশা প্রস্তুত ও নির্মাণ করেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২১, ২০১৮ ১৩:২৬ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানে মাইন-বিরোধী নতুন ধরনের সামরিক যান (এমআরএপি) উন্মোচন করা হয়েছে। ইরানের সামরিক বিশেষজ্ঞরা নতুন এ সামরিক যানের নকশা প্রস্তুত ও নির্মাণ করেছেন।

গতকাল (মঙ্গলবার) ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির উপস্থিতিতে উন্মোচিত হওয়া এ সামরিক যানের নাম দেয়া হয়েছে 'তুফান' এবং বিশেষ এই যানকে দেশটির ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসির কাছ হস্তান্তর করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তির সক্ষমতাকে কাজে লাগিয়ে এবং কোনো বিদেশী শক্তির ওপর নির্ভরশীল না হয়ে সেনাবাহিনীকে আধুনিকায়ন করার নীতি অবলম্বন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তিনি আরো বলেন, বর্তমানে ইরানের সামরিক বাহিনীর উচ্চ প্রতিরোধ সক্ষমতা রয়েছে এবং শত্রুর যেকেনো হামলা রুখে দেয়ার  জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। হাতামি নতুন সামরিক যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বলেন, ইরানের সামরিক বাহিনীর জন্য এমন একটি যানের প্রয়োজন ছিল যেটি যেকোনো উঁচু খাঁড়া পথ দিয়ে অতি উচ্চ বেগে চলতে পারে এবং এই প্রয়োজনীয়তা থেকেই এটি তৈরি করা হয়েছে। তিনি বলেন, তুফান সামরিক যানটি যেকোনো ভূমি মাইনের পাশাপাশি কয়েক কিলোগ্রামে ওজনের বোমা বা টিএনটি বিস্ফোরণের মুখে টিকে থাকতে পারবে। এছাড়া নতুন এ সামরিক যানটি বুলেট প্রুপ বলেও জানান তিনি।    

জেনারেল হাতামি বলেন, নতুন সামরিক যানটি দেড় মিটার গভীর পানির ভেতর দিয়ে চলতে পারবে এবং জমিনের উপর দিয়ে চলার সময় এটি ৫০ সেমি উঁচু যেকোনো বাধা অতিক্রম করতে পারবে। এছাড়া, এটি সমতল টায়ার ব্যবহার করে  সর্বোচ্চ ১০ জনকে বহন করে ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে চলতে পারবে। এটি সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে চলতে পারবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/২১