অত্যন্ত উন্নতমানের ডেস্ট্রয়ার উদ্বোধন করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i66253-অত্যন্ত_উন্নতমানের_ডেস্ট্রয়ার_উদ্বোধন_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান অত্যন্ত উন্নতমানের একটি ড্রেস্ট্রয়ার উদ্বোধন করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত সাহান্দ নামের এ ড্রেস্ট্রয়ার এরইমধ্যে পারস্য উপসাগরে মোতায়েন ইরানি নৌবাহিনীতে যুক্ত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৮ ১৩:১২ Asia/Dhaka
  • নতুন ডেস্ট্রয়ার সাহান্দ
    নতুন ডেস্ট্রয়ার সাহান্দ

ইসলামি প্রজাতন্ত্র ইরান অত্যন্ত উন্নতমানের একটি ড্রেস্ট্রয়ার উদ্বোধন করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত সাহান্দ নামের এ ড্রেস্ট্রয়ার এরইমধ্যে পারস্য উপসাগরে মোতায়েন ইরানি নৌবাহিনীতে যুক্ত হয়েছে।

এর আগে ডেস্ট্রয়ারটির উদ্বোধন উপলক্ষে বন্দর আব্বাসে ইরানের সামরিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আবদুর রহিম মুসাভিসহ শীর্ষ পর্যায়ের বহু সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ পর্যন্ত ইরানে যেসব ডেস্ট্রয়ার তৈরি হয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে উন্নত বলে মনে করা হচ্ছে। এটা যেমন আকারে বড় তেমনি কার্যক্ষমতার দিক দিয়েও অনেক এগিয়ে। ইরানের জামারান ডেস্ট্রয়ারের চেয়ে সামরিক সক্ষমতার দিক দিয়ে নতুন ডেস্ট্রয়ারটি দ্বিগুণ ক্ষমতার অধিকারী।

দেশীয় প্রযুক্তিতে নির্মিত সাহান্দ ড্রেস্ট্রয়ার

দীর্ঘ পাল্লার অভিযানের জন্য সাহান্দ ড্রেস্ট্রয়ারে চারটি ইঞ্জিন রয়েছে। এছাড়া, সাপোর্ট ভেসেলের সঙ্গে একটানা ১৫০ দিন চলমান থাকতে পারে। এতে একটি হেলিকপ্টার ডেক রয়েছে এবং ডেস্ট্রয়ারটির ইলেক্ট্রেনিক ওয়ারফেয়ারের ক্ষমতাও রয়েছে।

ইরানের নৌবাহিনী এ ডেস্ট্রয়ার তৈরি করেছে। নতুন এ ডেস্ট্রয়ারে রয়েছে টর্পেডো লাঞ্চার, বিমান বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী কামান, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমিতে ও সমুদ্র থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং নিখুঁত প্রতিরক্ষা ব্যবস্থাসহ নানা ব্যবস্থা। এর আগে ইরানের নৌবাহিনী জামারান ও দামাভান্দ নামে দুটি ডেস্ট্রয়ার তৈরি করেছে।#

 পার্সটুডে/এসআইবি/১