মার্কিন নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করেছে ইরান: প্রতিরক্ষামন্ত্রী
-
বক্তব্য রাখছেন ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশের জনগণ মার্কিন নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করেছে। তিনি আজ (সোমবার) তেহরানে সামরিক প্রযুক্তি বিষয়ক একটি প্রদর্শনীর উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
জেনারেল হাতামি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরানি জনগণ স্বনির্ভর হতে শিখেছে। তবে এবারের নিষেধাজ্ঞার মেয়াদ আগের যেকোনো নিষেধাজ্ঞার চেয়ে সংক্ষিপ্ত হবে বলেও তিনি অভিমত প্রকাশ করেন।
মার্কিন সরকার ইরানের নিত্যপ্রয়োজনীয় জরুরি পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়ে গণ অসন্তোষ তৈরির চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। মার্কিন নিষেধাজ্ঞার মোকাবিলায় ইরানের গৃহিত পদক্ষেপগুলোর কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের জনগণ ও সরকার পরস্পরকে সহযোগিতার মাধ্যমে শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে একতরফাভাবে বের করে নেন। ওই সমঝোতার ভিত্তিতে ২০১৬ সালের গোড়ার দিকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল।
ট্রাম্পের ওই একতরফা পদক্ষেপের পরবর্তী ছয় মাসে তেহরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হয়েছে। মার্কিন সরকার এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করার পাশাপাশি বেশ কিছু শর্ত দিয়েছে। কিন্তু তেহরান বলেছে, এসব শর্তের একটিও পূরণ করা হবে না। ইরান আরো বলেছে, পূর্বশর্ত মেনে ইরানি জাতি কখনো আলোচনায় বসে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪