আন্তর্জাতিক চুক্তির প্রতি আমেরিকা-ইসরাইলের কোনো সম্মানবোধ নেই: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
আমেরিকা এবং ইসরাইল সম্প্রতি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো ত্যাগ করার যে সিদ্ধান্ত নিয়েছে তার কড়া নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। একইসঙ্গে তিনি বলেছেন, আন্তর্জাতিক নিয়ম নীতির প্রতি তেল আবিব এবং ওয়াশিংটনের কোনো শ্রদ্ধাবোধ নেই।
গতকাল মঙ্গলবার জারিফ তার অফিসিয়াল টুইটার বার্তায় বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা পত্র বা জেসিপিওএ, উত্তর আমেরিকার দেশগুলোর মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা), প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তি (টিপিপি) এবং প্যারিস জলবায়ু চুক্তি বাতিল করেছেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এবং তা ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের সামনে কি আরো কোনো কিছু ত্যাগ করার বাকি আছে? সম্ভবত এখন পৃথিবী নামের এ গ্রহ থেকে নিজেদেরকে একত্রে প্রত্যাহার করে নেয়ার কাজ বাকি আছে।
ইসরাইল বিরোধী নীতি গ্রহণ করার অভিযোগে আমেরিকা এবং ইসরাইল আনুষ্ঠানিকভাবে গত সোমবার ইউনেস্কো ত্যাগ করে। ২০১১ সালে ইউনেস্কো ফিলিস্তিনকে এ সংস্থার পূর্ণ সদস্যপদ লাভের মর্যাদা দেয়ায় আমেরিকা এবং ইসরাইল ক্ষুব্ধ হয়। এছাড়া ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেম আল কুদস বা বায়তুল মুকাদ্দাস দখল করে রাখায় ইসরাইলের নিন্দা জানিয়েছে ইউনেস্কো। আমেরিকা এবং ইসরাইল ইউনেস্কোকে তাদের বকেয়া অর্থ পরিশোধ স্থগিত করে। ফলে ২০১৩ সালে সংস্থাটিতে তাদের ভোট দেয়ার ক্ষমতা হারায়।#
পার্সটুডে/বাবুল আখতার/২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন