ইমরান খানকে ফোন করে কঠোর বার্তা দিলেন প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i68720-ইমরান_খানকে_ফোন_করে_কঠোর_বার্তা_দিলেন_প্রেসিডেন্ট_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের বিরুদ্ধে তৎপর পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোন করে এই আহ্বান জানান।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ১০, ২০১৯ ০৩:৫৭ Asia/Dhaka
  • ইমরান খানকে ফোন করে কঠোর বার্তা দিলেন প্রেসিডেন্ট রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের বিরুদ্ধে তৎপর পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোন করে এই আহ্বান জানান।

ফোনালাপে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে গত কয়েক দশক ধরে যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে কিছু জঙ্গি গোষ্ঠীকে সে সম্পর্ক নস্যাৎ করার সুযোগ দেয়া উচিত হবে না।

ইমরান খানের সঙ্গে টেলিফোনালাপে ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র জওয়ানদের ওপর গতমাসে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর হামলার কথা উল্লেখ করেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, পাকিস্তানের কোন জায়গায় এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো অবস্থান করছে তা তেহরানের ভালো করে জানা আছে। কিন্তু ইরান নিজে অ্যাকশনে না গিয়ে এই আশা করে যে, ইসলামাবাদ এসব গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

গত ১৩ ফেব্রুয়ারি ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সন্ত্রাসী হামলায় আইআরজিসি’র ২৭ জওয়ান নিহত হন।

বালুচিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ইরানি জওয়ানদের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি (গত মাসের ছবি)

টেলিফোন সংলাপে ইরানের প্রেসিডেন্ট ইমরান খানকে বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে তেহরান পকিস্তান সেনাবাহিনীকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে জঙ্গি গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, ইরান পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

টেলিফোনালাপে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তার সরকার জঙ্গি গোষ্ঠীগুলোকে নির্মূলের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে এবং প্রতিবেশী কোনো দেশে হামলা  চালানোর জন্য তিনি কোনো গোষ্ঠীকে পাকিস্তানের ভূমি ব্যবহার করতে দেবেন না। ইমরান খান বলেন, দু’দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে তৎপর জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ইসলামাবাদ শিগগিরই তেহরানকে কিছু ভালো খবর শোনাতে পারবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০