ইরানি জাতি শত্রুর ষড়যন্ত্র শুধু চেয়ে চেয়ে দেখবে না: সর্বোচ্চ নেতা
-
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী রাজধানী তেহরানে শ্রমিকদের এক সমাবেশে জিহাদি চেতনা নিয়ে কঠোর পরিশ্রমকে অর্থনৈতিক প্রতিরোধমূলক লক্ষ্য বাস্তবায়ন ও উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
তিনি বলেন, শত্রুরা ইরানি জাতিকে নতজানু করার জন্য অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশল বেছে নিয়েছে। কিন্তু তাদের এটা জেনে রাখা উচিত এ জাতি কখনোই মাথা নত করবে না বরং নিষেধাজ্ঞাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে মার্কিন বিদ্বেষী আচরণ ও শত্রুতার কঠোর জবাব দেবে।
সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ইরানকে মোকাবেলার জন্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে বোঝা যায়, আমেরিকা ও তার মিত্ররা ইরান বিরোধী লক্ষ্য বাস্তবায়নের জন্য সবরকম পন্থা বা উপায় ব্যবহার করছে। এ লক্ষ্যে তারা অর্থনৈতিক চাপ সৃষ্টির পাশাপাশি নানা উপায়ে সরকারের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে। ইরানের সর্বোচ্চ নেতার তার বক্তব্যে ইসরাইল ও মার্কিন কর্মকর্তাদের কিছু উদ্ভট দাবির কথা উল্লেখ করে বলেন, "তারা দাবি করছে ইরানের জনগণ নয় বরং দেশটির সরকারের সঙ্গে তাদের শত্রুতা রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা মূলত ইরানের জনগণের সঙ্গে শত্রুতা করছে। কারণ ইরানের ইসলামি সরকার সাধারণ মানুষের সেবায় কাজ করছে। এ অবস্থায় যদি সরকারের প্রতি সাধারণ মানুষের সমর্থন না থাকত তাহলে ইসলামি প্রজাতন্ত্রও থাকত না।"
ইরানের সর্বোচ্চ নেতার এ বক্তব্য এ জন্য গুরুত্বপূর্ণ যে, তিনি শত্রুর মোকাবেলায় সঠিক পথ দেখিয়েছেন। তিনি বছরের নাম উৎপাদন বৃদ্ধির বছর, ইরানি পণ্যের প্রতি সমর্থন, অর্থনৈতিক প্রতিরোধ প্রভৃতি নামে অভিহিত করেন এবং এ বিষয়ক লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে উৎসাহিত করেন। সর্বোচ্চ নেতা ইরানের তেল বিক্রি বন্ধে মার্কিন প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, সচেতন কর্মকর্তা ও জনগণ দেখিয়ে দিয়েছে তারা যদি সাহস করে তাহলে সকল বাধার প্রাচীর ভেঙে দিতে সক্ষম হবে এবং আমেরিকা কোনো লক্ষ্যই অর্জন করতে পারবে না। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ইচ্ছা অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু জ্বালানি তেল রপ্তানি করবে।
আমেরিকা বর্তমানে সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র শাসিত অন্যান্য আরব দেশের সহায়তায় ইরানকে কোণঠাসা করার জন্য উঠেপড়ে লেগেছে। কিন্তু ইরানি জাতি গত ৪০ বছর ধরে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এবং প্রমাণ করেছে তারা কোনো হুমকি কিংবা চাপের কাছে নতি স্বীকার করবে না। সর্বোচ্চ নেতা বলেন, ইরানি জাতি এমন নয় যে তারা শত্রুর ষড়যন্ত্র শুধু চেয়ে চেয়ে দেখবে। ইরানের তেল বিক্রির ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন ফরেন পলিসি এক প্রতিবেদনে লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বিপজ্জনক খেলায় নেমেছেন। কারণ মার্কিন এ সিদ্ধান্তের প্রতিশোধ নেয়ার জন্য ইরানের হাতেও অনেক অপশন খোলা রয়েছে। যেমন ইরান চাইলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে যেখান থেকে প্রতিদিন ৩০ শতাংশ তেল সরবরাহ করা হয়। এটা হবে ওয়াশিংটনের জন্য কঠিন জবাব।
অর্থনৈতিক যুদ্ধ ও নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার। ইরান এ অঞ্চলে আমেরিকার জন্য অনেক বড় বাধা হয়ে আছে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৫