মস্কো সফরে যাবেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী: লক্ষ্য সামরিক সহায়তা
https://parstoday.ir/bn/news/iran-i6985-মস্কো_সফরে_যাবেন_ইরানি_প্রতিরক্ষামন্ত্রী_লক্ষ্য_সামরিক_সহায়তা
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্‌কান রাশিয়া সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন। মস্কোর ইরানি দূতাবাস জানিয়েছে, একটি নিরাপত্তা সম্মেলনে অংশ গ্রহণের পাশাপাশি দেশ দুইটির মধ্যে আরো সামরিক সহায়তা নিয়ে আলোচনার উদ্দেশ্যে এ সফর করবেন দেহ্‌কান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ১৬, ২০১৬ ০৭:৩৮ Asia/Dhaka
  • মস্কো সফরে যাবেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী: লক্ষ্য সামরিক সহায়তা

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্‌কান রাশিয়া সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন। মস্কোর ইরানি দূতাবাস জানিয়েছে, একটি নিরাপত্তা সম্মেলনে অংশ গ্রহণের পাশাপাশি দেশ দুইটির মধ্যে আরো সামরিক সহায়তা নিয়ে আলোচনার উদ্দেশ্যে এ সফর করবেন দেহ্‌কান।

২০১৬ মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বা এমসিআইএস চলতি মাসের ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। সম্মেলনে আঞ্চলিক এবং বিশ্বের সন্ত্রাসবাদের ওপর গুরুত্বারোপ করা হবে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

এ সম্মেলনে যোগ দেয়ার জন্য চলতি মাসের ২৬ তারিখে জেনারেল দেহ্‌কান মস্কো সফরে যাবেন বলে জানানো হয়েছে। ইরানি দূতাবাস জানিয়েছে, মস্কো সফরকালে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু’র সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। এ ছাড়া, রুশ যুদ্ধবিমান সুখোই এসইউ-৩০ এবং টি-৯০ ট্যাংক কেনার বিষয়েও তিনি আলোচনা করবেন।

এদিকে, রাশিয়ায় ইরানি রাষ্ট্রদূত মেহদি সানাই বলেছেন, ইরানি সংসদ মজলিশে শুরার স্পিকার আলি লারিজানিও চলতি সপ্তাহে মস্কো সফরে যাবেন।#

মূসা রেজা/১৬