'ইরানের বিরুদ্ধে বিদ্বেষী নীতি বন্ধ না হলে আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়'
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেইভান খোসরাভি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেইভান খোসরাভি বলেছেন, মার্কিন প্রশাসন যতদিন ইরানি জাতির বিরুদ্ধে শত্রুতা এবং বিদ্বেষীমূলক নীতি অবলম্বন করবে ততদিন পর্যন্ত ইরান ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসবে না।
আজ (বৃহস্পতিবার) তিনি বলেন, ইরানি জাতির প্রতি আমেরিকা তার আচরণে কোনো পরিবর্তন না আনলে, তাদের অধিকারের প্রতি সম্মান না দেখালে এবং ভাগাড়ম্বরের পরিবর্তে কোনো বাস্তবসম্মত পদক্ষেপ না নিলে তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের সংলাপে বসবে না। আমেরিকার সঙ্গে কখনোই কোনো আলোচনা হবে না বলে জোর দিয়ে উল্লেখ করেন তিনি। খোসরাভী বলেন, "সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের কর্মকর্তাদের ইরান সফরের মাত্রা বেড়ে গেছে। এদের বেশিভাগই আমেরিকার পক্ষ থেকে এসেছেন। কিছু সফর প্রকাশ্যে হচ্ছে আর কিছু হচ্ছে গোপনে।"
মুখপাত্র খোসরাভী বলে, গত বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার পর বিভিন্ন সময় তেহরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এ ধরনের সর্বশেষ প্রস্তাব এসেছে গত সপ্তাহে যখন দুই দেশের মধ্যে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছিল।#
পার্সটুডে/বাবুল আখতার/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।