বি-টিম আবারো ইরানবিরোধী মিথ্যাচার শুরু করেছে: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মিথ্যাবাদী বি-টিম আবারো তার দেশের বিরুদ্ধে চরম মিথ্যাচার শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের কয়েকটি তেল ট্যাংকারে নাশকতামূলক হামলার জন্য ইরানকে অভিযুক্ত করার কথা উল্লেখ করে তিনি একথা বলেন।
জারিফ বলেন, ফুজায়রা বন্দরের ঘটনায় ইরানকে অভিযুক্ত করার পেছনে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার এক টুইটার বার্তায় এসব কথা লিখেছেন। তিনি আরো লিখেছেন, যেকোনো দুর্ঘটনা ও নাশকতায় ভুলভাবে একটি দেশকে অভিযুক্ত করার ব্যাপারে তেহরান বহু আগে থেকে সতর্ক করে দিয়েছে। কিন্তু ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ আল-ফুজায়রা বন্দরের ঘটনায় ইরানকে অভিযুক্ত করে বাস্তবতার বিকৃতি ঘটিয়েছে।
গত ১২ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরে শক্তিশালী বিস্ফোরণ ঘটে বলে কোনো কোনো গণমাধ্যম খবর দেয়। কিন্তু প্রাথমিকভাবে আরব আমিরাত সরকার সে খবর অস্বীকার করে। কিন্তু পরে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার সত্যতা স্বীকার করে বলা হয়, ফুজায়রা বন্দরের চারটি জাহাজে আগুন ধরে যাওয়ার ঘটনা ছিল একটি নাশকতামূলক তৎপরতা।
পরবর্তীতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই দাবি করেন, ফুজায়রা বন্দরে হামলার ঘটনায় যে ইরান জড়িত সে ব্যাপারে তার কোনো সন্দেহ নেই।
উল্লেখ্য, জারিফ গতমাসে মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইংরেজি ‘বি’ আদ্যাক্ষরের চার ব্যক্তির নাম উল্লেখ করে বলেন, এই ‘টিম-বি’র সদস্যরা আমেরিকাকে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়ে ফেলতে চান। জারিফের ভাষায় টিম-বি’র ওই চার সদস্য হলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সৌদি যুবরাজ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ বিন জায়েদ।
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৬