এশিয়া কাপ ইনডোর হকি: বাংলাদেশকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইরান
-
ইরান-বাংলাদেশ খেলার একটি দৃশ্য
ইনডোর এশিয়া কাপ হকিতে বাংলাদেশকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। থাইল্যান্ডের চুনবুরিতে মঙ্গলবার অনুষ্ঠিত এ গ্রুপের এই ম্যাচে দুই অর্ধে চারটি করে গোল হজম করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে বেকায়দায় ফেলে দেয় ইরান। পাঁচ মিনিটের মধ্যে তিন গোল আদায় করে নেয় তারা। ১৬ মিনিটে চতুর্থ গোল হজম করলে ৪-০ তে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দল। ইরান বাকি চার গোল দিয়েছে ২২, ৩০, ৩৯ ও ৪০ মিনিটে।
ইরানের পক্ষে নুরুজ্জাদেহ রেজা হ্যাটট্রিক করেন ও নুরানিয়ান হামিদ জোড়া গোল করেন। মির্জাখানিয়ান আমিরমাহদি, তাহেরিরাজ নাভিদ এবং বেইরানভান্দ বেহদাদ একটি করে গোল করেন।
একই দিন ইরানের মহিলা হকি দল ফিলিপাইন্সকে ৫-০ গোলে পরাজিত করে। তারা আজ কাজাখস্তানকে এবং পুরুষ হকি দল থাইল্যান্ডের মুখোমুখি হবে।
গত ১৫ জুলাই এশিয়া হকি ফেডারেশন আয়োজিত ইনডোর হকি টুর্নামেন্ট শুরু হয়। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ৬-০ গোলে হারিয়েছিল মালয়েশিয়া। এই প্রথমবারের মতো লাল-সবুজ জার্সিধারীরা খেলছে ইনডোর হকি। কিন্তু বাংলাদেশ দুই ম্যাচে ১৪ গোল হজম করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭