মরিয়া মাইক পম্পেও: ‘ইরানের সঙ্গে নিঃশর্ত সংলাপ চাই’
https://parstoday.ir/bn/news/iran-i72090-মরিয়া_মাইক_পম্পেও_ইরানের_সঙ্গে_নিঃশর্ত_সংলাপ_চাই’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে নিজের কাল্পনিক অভিযোগগুলোর পুনরাবৃত্তি করে দাবি করেছেন, ওয়াশিংটন কোনো ধরনের ‘পূর্বশর্ত’ ছাড়াই তেহরানের সঙ্গে সংলাপে বসতে চায়। তিনি গতকাল (শুক্রবার) মার্কিন টেলিভিশন চ্যানেল ইডাব্লিউটিএন’কে দেয়া সাক্ষাৎকারে ওই আগ্রহ প্রকাশ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২০, ২০১৯ ০২:৪৮ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে নিজের কাল্পনিক অভিযোগগুলোর পুনরাবৃত্তি করে দাবি করেছেন, ওয়াশিংটন কোনো ধরনের ‘পূর্বশর্ত’ ছাড়াই তেহরানের সঙ্গে সংলাপে বসতে চায়। তিনি গতকাল (শুক্রবার) মার্কিন টেলিভিশন চ্যানেল ইডাব্লিউটিএন’কে দেয়া সাক্ষাৎকারে ওই আগ্রহ প্রকাশ করেন।

পম্পেও ইরানকে সন্ত্রাসবাদে সমর্থন ও মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর দায়ে অভিযুক্ত করে বলেন, মার্কিন সরকার কোনো পূর্বশর্ত ছাড়াই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে দেশটির তৎপরতা নিয়ে আলোচনা করতে চায়। পম্পেও এমন  সময় ‘নিঃশর্ত’ আলোচনা চান যখন তিনি নিজেই আগে থেকে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে দিচ্ছেন।

এর আগে বুধবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে ‘নিঃশর্ত’ আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সেদেশের শীর্ষস্থানীয় নেতারা গত কয়েক মাসে অসংখ্যবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। তারা এমন সময় এ আগ্রহ প্রকাশ করছেন যখন ট্রাম্প প্রশাসন গত বছর ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে তেহরানের পাল্টা পদক্ষেপে ব্যাপকভাবে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। আর সে কারণেই ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনায় বসতে মরিয়া হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তবে, আমেরিকার সঙ্গে কথিত আলোচনা প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত মাসে তাঁর দেশের অবস্থান সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। তিনি গত ২৬ জুন এক ভাষণে বলেন, ইরানের সামরিক শক্তি খর্ব করার লক্ষ্যে আমেরিকা তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চায়। তিনি বলেন, ইরানের সামরিক শক্তিমত্তায় ভীত হয়ে হামলা করতে না পেরে তারা এখন এই শক্তিমত্তা খর্ব করতে চায় যাতে পরবর্তীতে শক্তিহীন ইরানের সঙ্গে যেমন খুশি তেমন আচরণ করতে পারে।#

পার্সটুডে/এমএমআই/২০