ইরানের একটি ড্রোনও ভূপাতিত হয় নি: প্রতিরক্ষামন্ত্রী
-
আমির হাতামি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, আমাদের কোনো ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে নি। তিনি আজ (বুধবার) তেহরানে মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদেরকে এ কথা বলেন।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা ইরানের ড্রোন ভূপাতিত করার যে দাবি করেছে তা ভিত্তিহীন। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী ‘সেন্টকম'র কমান্ডার কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি ইরানের দু'টি ড্রোন ধ্বংসের দাবি করার পর তিনি তা নাকচ করলেন।
তিনি মার্কিন নিউজ চ্যানেল সিবিএস’কে দেয়া সাক্ষাৎকারে কোনো দলিল-প্রমাণ উপস্থাপন ছাড়াই ম্যাকেঞ্জি দাবি করেছেন, তার নেতৃত্বাধীন মার্কিন সন্ত্রাসী বাহিনী গত সপ্তাহে অন্তত দু’টি ইরানি পাইলটবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করেছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার দাবি করেছিলেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরী ইউএসএস বক্সার থেকে গুলি করে একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ট্রাম্পের এ দাবির পর শুক্রবার রাতেই ইরান মার্কিন রতণরী ইউএসএস বক্সারের আকাশে যে ড্রোনটি পাঠানো হয়েছিল তা থেকে সংগৃহিত ভিডিও ফুটেজ প্রকাশ করে জানিয়ে দেয়, আমেরিকা কোনো ইরানি ড্রোন ভূপাতিত করতে পারেনি।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদস্থ কর্মকর্তা মেজর জেনারেল আবুলফজল শেকারচি জানান, ট্রাম্প যে ড্রোন ভূপাতিত করার দাবি করছেন সেটি নিজের দায়িত্ব পালন শেষে তার ঘাঁটিতে ফিরে এসেছে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।