ইরান-আমিরাত বৈঠক: সমুদ্রসীমার নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত
https://parstoday.ir/bn/news/iran-i72411-ইরান_আমিরাত_বৈঠক_সমুদ্রসীমার_নিরাপত্তায়_সহযোগিতা_বাড়াতে_সম্মত
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সংযুক্ত আরব আমিরাত সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। ২০০৩ সালের পর দুই দেশের মধ্যে এই প্রথম এমন বৈঠক হলো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ৩১, ২০১৯ ১০:৩৫ Asia/Dhaka
  • ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সীমান্তরক্ষী কর্মকর্তাদের মধ্যে বৈঠক
    ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সীমান্তরক্ষী কর্মকর্তাদের মধ্যে বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সংযুক্ত আরব আমিরাত সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। ২০০৩ সালের পর দুই দেশের মধ্যে এই প্রথম এমন বৈঠক হলো।

সমুদ্র সীমার নিরাপত্তা জোরদার করার জন্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে গতকাল (মঙ্গলবার) ইরানের রাজধানী তেহরানে দু দেশের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আরব আমিরাতের কোস্টগার্ড বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল। ইরানের পক্ষে যোগ দেন বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা।

দু দেশের প্রতিনিধিদলের যৌথ অধিবেশনের ফাঁকে ইরানের সীমান্ত পুলিশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি ও আরব আমিরাতের কোস্টগার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ আলী মেসবাহ আল-আহবাবি আলাদাভাবে আলোচনা করেন। এতে দু পক্ষই কূটনৈতিক আলোচনা  এবং পারস্য উপসাগর ও ওমান সাগরের নিরাপত্তা বাড়ানোর প্রচেষ্টা জোরদার করার ওপর জোর দেয়। বৈঠকে জেনারেল রেজায়ি ইরান ও পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সীমান্ত-সম্পর্ক অনুকূল করার ওপর গুরুত্বারোপ করেন।   

হরমুজ প্রণালী

ইরানের এ কর্মকর্তা বলেন, “কৌশলগত পারস্য উসাগর এবং ওমান সাগর এ অঞ্চলের জনগণের; অন্য কোনো দেশকে এখানকার নিরাপত্তা নস্যাতের সুযোগ দেয়া আমাদের উচিত হবে না। এ ক্ষেত্রে ইরান ও প্রতিবেশী দেশগুলো যৌথভাবে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে।”  

বৈঠকে আরব আমিরাতের কোস্টগার্ডের কর্মকর্তা জেনারেল মুহাম্মাদ আলী মেসবাহ বলেন, সমুদ্রসীমার ফ্রন্টলাইনে কয়েকটি সরকারের হস্তেক্ষপ থেকেই এ অঞ্চলে নানা সমস্যা তৈরি হচ্ছে। সীমান্তে মাদকদ্রব্য চোরাচালান রোধে ইরানি বাহিনীর শক্ত অবস্থানেরও প্রশংসা করেন তিনি।#

পার্সটুডে/এসআইবি/৩১