ইরানের ফোনের অপেক্ষায় ট্রাম্পের বসে থাকা অর্থহীন: মুখপাত্র
-
মুসাভি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইরানি কর্মকর্তারা ট্রাম্পকে ফোন করবেন মার্কিন সরকারের এমন প্রত্যাশা একেবারেই অর্থহীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ইরানি কর্মকর্তাদের ফোনের অপেক্ষায় রয়েছেন বলে ওয়াশিংটনের পক্ষ থেকে যে মন্তব্য করা হয়েছে সে প্রসঙ্গে তিনি আজ (রোববার) এ কথা বলেন।
সাইয়্যেদ আব্বাস মুসাভি আরও বলেছেন, তারা অনেক দিন ধরেই এমন প্রত্যাশা করে বসে আছে, কিন্তু ইরান কখনোই এমন কোনো আলোচনায় অংশ নেবে না যেখানে আন্তর্জাতিক আইন ও নীতিমালা মানা হয় না।
ইরান-বিরোধী অর্থনৈতিক সন্ত্রাসবাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, চাপ ও অস্ত্রের মুখে কোনো বুদ্ধিসম্পন্ন মানুষ আলোচনায় বসতে পারে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিনীরা বারবারই এটা প্রমাণ করেছে যে তারা তাদের কথা রাখে না। কাজেই তাদেরকে বিশ্বাস করা যায় না। তারা একদিকে ইরানের সর্বোচ্চ নেতা ও পররাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে, আবার অন্যদিকে আলোচনায় বসার কথা বলছে।
মুসাভি বলেন, মার্কিন কর্মকর্তারা সব সময় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এক ধরণের বিচলিত ও দিশেহারা অবস্থায় থাকে। এসব থেকে প্রমাণিত হয় নীতি-অবস্থানের বিষয়ে ওয়াশিংটনের সততা নেই এবং ইরানও তাদের এ ধরণের বক্তব্যকে গুরুত্ব দেয় না।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।