কাশ্মীরিদের অধিকার রক্ষার দাবিতে ইরানে বিক্ষোভ
-
ইরানি ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
কাশ্মীর সংকটের বিষয়ে পাশ্চাত্য এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার কঠোর সমালোচনা করেছেন ইরানের ছাত্রছাত্রীরা।
তারা বলেছেন, পাশ্চাত্যের দেশগুলো এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার রক্ষার বিষয়ে বড় বড় বুলি আওড়ালেও কাশ্মীরে হত্যা-নির্যাতনের বিষয়ে নীরব রয়েছে, কাশ্মীর সংকটের ব্যাপারে তাদের জোরালো কোনো ভূমিকা নেই।
গতকাল ঈদের দিন সন্ধ্যায় ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র মাশহাদ শহরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইরানি ছাত্ররা এক সমাবেশে এ কথা বলেন।
ইরানি বিক্ষোভকারীরা এ সময় কাশ্মীরে হত্যা-নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং ভারত সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে স্লোগান দেন। ইরানি ছাত্রছাত্রীরা বিক্ষোভ শেষে এক বিবৃতিতে বলেন, সাম্রাজ্যবাদীরা এই অঞ্চলকে নিয়ে যে ষড়যন্ত্র করছে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সম্প্রতি ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে রেখেছে। সেখানকার মুসলমানদের প্রকৃত অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে।
কাশ্মীরের জনগণকে নিয়ন্ত্রণে রাখতে সেখানে বহু বছর ধরে হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে। সম্প্রতি সেনা সংখ্যা আরও বাড়ানো হয়েছে।#
পার্সটুডে/এসএ/১৫