ইরানের বিরুদ্ধে আমেরিকার নীতি ব্যর্থ হয়েছে: রুহানি
-
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠী এবং তার দেশের মধ্যে স্বাক্ষরিত পরমাণু থেকে আমেরিকার বের হয়ে যাওয়ার পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং প্রতিশ্রুতির লঙ্ঘন। একইসঙ্গে আমেরিকার এ পদক্ষেপকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
আজ (বৃহস্পতিবার) ইরানে জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে জড়িত কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিদেশী সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে দেয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা দুই বছর ধরে তার দেশের বিরুদ্ধে মনস্তাত্বিক,রাজনৈতিক এবং অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে আসছে। তবে ইসলামি ইরান কখনোই শত্রুদের ষড়যন্ত্রগুলো উপেক্ষা করে নি এবং অত্যন্ত দৃঢ়ভাবে তা মোকাবেলা করে আসছে।
প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বের হয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অবলম্বনের মাধ্যমে বরং নিজের জন্য ঐতিহাসিক লজ্জা বয়ে এনেছে। তিনি আরো বলেন, আমেরিকাকে অবশ্যই জানতে হবে যে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার একমাত্র পথ হচ্ছে ইরানের মোকাবেলায় ভদ্রতাসুলভ আচরণ করা। ইরানকে বাদ দিয়ে এ অঞ্চলে নিরাপত্তা আসবে না বলেও উল্লেখ করেন রুহানি।
রুহানি বলেন, "আমেরিকা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ের দুর্বল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পড়ার পাশাপাশি দেশটি একঘরে হয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের চাপ প্রয়োগের নীতি সফল হয় নি এবং এ অঞ্চলে তাদের নীতি ব্যর্থ হয়েছে।" তিনি বলেন, এ অঞ্চলে আমেরিকার কোনো পদক্ষেপই সাফল্যের মুখ দেখে নি। বরং গত কয়েক মাসের কর্মকাণ্ডের মাধ্যমে আমেরিকা এটা দেখিয়েছে যে তারা নিজেরাই এ অঞ্চলের জন্য হুমকি।#
পার্সটুডে/বাবুল আখতার/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।