সন্ত্রাসবাদ নির্মূল হলেই যুদ্ধের অবসান হবে: বাশার আল-আসাদ
-
বৈঠকে প্রেসডেন্ট বাশার আল-আসাদ (ডানে) ও মোজতবা জোনুরি
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সন্ত্রাসবাদ নির্মূলের মাধ্যমেই কেবল যুদ্ধের অবসান হতে পারে। ইরানের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর দামেস্কে এক বৈঠকে বাশার আ- আসাদ এ কথা বলেন।
সিরিয়ায় নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির ব্যাপারে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী এবং শত্রুরা যে ষড়যন্ত্র করেছিল তা মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের অব্যাহত সমর্থনেরও প্রশংসা করেন তিনি। সিরিয়ার সফররত প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান মোজতবা জোনুরি।
প্রেসিডেন্ট আসাদ বলেন, “বেশ কিছু দেশ মনে করছে যে, সাংবিধানিক কমিটি গঠনের মধ্য দিয়েই যুদ্ধের শেষ হবে কিন্তু এটি সত্য নয়। সংবিধান নিয়ে মতভিন্নতার কারণে যুদ্ধ শুরু হয় নি বরং যখন সন্ত্রাসীরা হত্যা এবং ধ্বংসযজ্ঞ শুরু করল তখন যুদ্ধ শুরু হয়েছে।” তিনি জোর দিয়ে বলেন সন্ত্রাসবাদ নির্মূল হচ্ছে যুদ্ধ অবসানের একমাত্র পথ। প্রেসিডেন্ট আসাদ তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, সন্ত্রাসবাদ বিরোধী যে ফ্রন্ট রয়েছে তাদের অপরিবর্তনীয় নীতির কারণে এ যুদ্ধে সফলতা এসেছে।
বৈঠকে ইরানের সংসদীয় প্রতিনিধিদলের প্রধান জোনুরি বলেন, তেহরান এবং দামেস্কের সম্পর্কের শিকড় অনেক গভীরে এবং অভিন্ন শত্রুর বিরুদ্ধে তারা লড়াই করছে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইরান এবং সিরিয়া দখলদার ইসরাইলের বিরুদ্ধে সম্মুখভাগে থেকে লড়াই করছে। ইরান তার নিজের এবং আঞ্চলিক মিত্রদের স্বার্থ জোরালোভাবে রক্ষা করবে।
বৈঠকে ইরানের সংসদ সদস্য তেহরান এবং দামেস্কের এর মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য বৃদ্ধির পদক্ষেপকে স্বাগত জানান। এর আগে, গত ফেব্রুয়ারি মাসে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছিলেন, সিরিয়ার কাঠামোগত পুনর্গঠনের ক্ষেত্রে ইরান সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৫