আমেরিকার যেকোনো হঠকারিতা অঙ্কুরেই ধ্বংস করে দেয়া হবে: ইরানি সশস্ত্র বাহিনী
-
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকার্চি
আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানের পানি সীমানাসহ এর স্বার্থে সামান্য আঘাত হানার চেষ্টা করলে তার আগেই দেশটির বিরুদ্ধে কঠিন এবং শক্ত জবাব দেয়া হবে বলে ওয়াশিংটনকে হুঁশিয়ারি করে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
গতকাল (মঙ্গলবার) রাতে একটি টেলিভিশনকে দেয়া লাইভ সাক্ষাৎকারে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকার্চি বলেন, মার্কিনীরা এর আগেও যেমন নিশ্চিত অভিজ্ঞতা অর্জন করেছে যে ইরানের পানি সীমানায় এবং এর জনগণের স্বার্থের বিরুদ্ধে ওয়াশিংটন কোনো আইন ভঙ্গ করলে বা কোনো সামান্য ক্ষতি করার চেষ্টা করলে তারা ইরানের বজ্র কঠিন প্রতিরোধের মুখে পড়বে। তিনি আরো বলেন, "যখন ইরানের প্রতিরক্ষার ইস্যুটি সামনে আসে তখন আমরা কারো সঙ্গে কৌতুক করি না।"

সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের নৌ বাহিনী এবং মার্কিন সামরিক বাহিনীর মধ্যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, “পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীকে যদি ইরানি কোনো বোট বাধা সৃষ্টি করে তাহলে সেগুলোকে ধ্বংস করার জন্য আমি নির্দেশ দিয়েছি।” ট্রাম্পের টুইটার বার্তার পর জেনারেল শেকার্চির পক্ষ থেকে এসব প্রতিক্রিয়া এলো।
জেনারেল শেকার্চি ট্রাম্পের এসব মন্তব্যকে মনস্তাত্মিক যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে বলেন, মার্কিন জনগণের মতামতকে ভিন্নখাতে প্রবাহিত করতে, প্রেসিডেন্ট হিসেবে নিজেকে পুনর্নিবাচিত করার জন্য ভোটারদের আকৃষ্ট করতে এবং বর্তমানে নিজ দেশের অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে অব্যবস্থাপনার জন্য যে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তা এড়ানোর জন্য ট্রাম্প এসব বাগাড়ম্বর করেছেন। #
পার্সটুডে/এমবিএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।