অস্ত্র নিষেধাজ্ঞা ইস্যুতে আমেরিকার প্রতি সৌদির সমর্থন তিক্ত কৌতুক: ইরান
-
ইরান বিষয়ক মার্কিন প্রতিনিধি ব্রায়ান হুক এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জোবায়ের
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, মার্কিন সরকারের অনুরোধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কয়েকটি আরব দেশের সমর্থন নিতান্তই তিক্ত কৌতুক। এসব দেশের জানা উচিত যে, বলদর্পী আমেরিকার কাছে আত্মসমর্পণ করে মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হবে না।
সম্প্রতি ইরান বিষয়ে মার্কিন বিশেষ প্রতিনিধির সঙ্গে যৌথভাবে সৌদি আরব এবং বাহারাইন যে ইরানবিরোধী বিবৃতি দিয়েছে তার প্রতিক্রিয়ায় আজ (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্র মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এসব কথা বলেছেন।
তিনি বলেন, যে সৌদি আরব নিজেই সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির বড় উৎস সেই সৌদি আরব ইরানের বিরুদ্ধে আমেরিকার প্রতি সমর্থন জানাচ্ছে। আল-কায়েদা এবং দায়েশের মতো উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সৌদি আরব বছরের-পর-বছর সমর্থন দিয়ে এসেছে সেই সৌদি আরবে এখন ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে।
আব্বাস মুসাভি বলেন, যে সৌদি আরব গত পাঁচ বছর ধরে ইয়েমেনের অসহায় নারী পুরুষের রক্ত ঝরাচ্ছে সেই সৌদি আরব মার্কি বিশেষ প্রতিনিধির অনুরোধে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য সমর্থন ঘোষণা করছে, এটি প্রকৃতপক্ষে তিক্ত কৌতুক।
গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্রায়ান হুকের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, যদি ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যায় তাহলে দেশটি আরো অনেক বেশি ভয়ঙ্কর এবং আগ্রাসী হয়ে উঠবে।#
পার্সটুডে/এসআইবি/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।