অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লে কঠিন জবাব দেওয়া হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i81358-অস্ত্র_নিষেধাজ্ঞার_মেয়াদ_বাড়লে_কঠিন_জবাব_দেওয়া_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন চাপের কারণে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলে উপযুক্ত ও কঠিন জবাব দেওয়া হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১১, ২০২০ ১২:১১ Asia/Dhaka
  • মুসাভি
    মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন চাপের কারণে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলে উপযুক্ত ও কঠিন জবাব দেওয়া হবে।

তিনি ইস্ফাহানে এক সংবাদ সম্মেলনে আরও বলেছেন, ইরান স্বেচ্ছায় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সঙ্গে সহযোগিতা করছে। তবে আমরা সব সময় এই অবস্থানে থাকব এমন নিশ্চয়তা দিচ্ছি না।

ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের একটি অংশে আগুন লাগার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ইরানের নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনার সব দিক পর্যালোচনা করে দেখছে। তদন্তে যদি এটা প্রমাণিত হয় যে, এর পেছনে বিদেশি শক্তির হাত ছিল তাহলে অবশ্যই তা ঘোষণা করা হবে এবং বিদেশি শক্তি জড়িত থাকলে তাকে এ জন্য পরিণতি ভোগ করতে হবে।  

ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যা মামলা চলবে বলেও তিনি জানান। 

জেনারেল সোলাইমানি হত্যার বিচার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিচার বিভাগের মতো আরও কিছু বিভাগ এ বিষয়টি নিয়ে কাজ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সমালোচনা করে তিনি বলেন, গোটা বিশ্বের মানুষ যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে ঠিক তখনি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেছে। এটা স্বাস্থ্য ও চিকিৎসা খাতে সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু নয়।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।