পারস্য উপসাগরীয় অঞ্চলে উস্কানিমূলক মার্কিন সামরিক তৎপরতার রহস্য
https://parstoday.ir/bn/news/iran-i85742-পারস্য_উপসাগরীয়_অঞ্চলে_উস্কানিমূলক_মার্কিন_সামরিক_তৎপরতার_রহস্য
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, ইরাক থেকে পাওয়া তথ্যে জানা গেছে মার্কিন সরকার যুদ্ধের অজুহাত সৃষ্টির ষড়যন্ত্র করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০১, ২০২১ ১৫:৩৭ Asia/Dhaka
  • পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতার বিরুদ্ধে জাতিসংঘেও সোচ্চার হয়েছে ইরান
    পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতার বিরুদ্ধে জাতিসংঘেও সোচ্চার হয়েছে ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, ইরাক থেকে পাওয়া তথ্যে জানা গেছে মার্কিন সরকার যুদ্ধের অজুহাত সৃষ্টির ষড়যন্ত্র করছে।

পারস্য উপসাগরীয় অঞ্চল ও ইরাকে মার্কিন সরকারের সাম্প্রতিক উস্কানিমূলক সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন।  

জারিফ গতকাল (বৃহস্পতিবার) এক টুইট-বার্তায় লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার সঙ্গে যুদ্ধের পরিবর্তে এ অঞ্চলে বি-ফিফটি টু বোমারু বিমান ও রণতরী পাঠাতে শত শত কোটি ডলার নষ্ট করছেন। 

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক যুদ্ধ-জাহাজ পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করেছে এবং দু'টি বি-ফিফটি টু বোমারু বিমান কাতারের আলআদিদ বিমান ঘাঁটিতে নেমেছে বলে খবর এসেছে। ওই দুটি যুদ্ধ বিমান পারস্য উপসাগরের আকাশে উড়ছে বলেও জানা গেছে। 

ক্ষমতা থেকে বিদায়ের প্রাক্কালে ও বিশেষ করে সন্ত্রাস-বিরোধী যুদ্ধের কিংবদন্তীতুল্য সফল ও বিশ্বব্যাপী জনপ্রিয় ইরানি সমরনায়ক জেনারেল কাসেম সুলায়মানির শাহাদাতের প্রথম বার্ষিকীর প্রাক্কালে ট্রাম্প সরকারের এই তৎপরতাকে অনেকেই রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বলে মনে করছেন। অবশ্য কোনো কোনো মার্কিন সংবাদ মাধ্যম ট্রাম্প সরকারের শেষ দিনগুলোর সম্ভাব্য হঠকারী সিদ্ধান্তের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। 

ইরান গত বছরের শুরুর দিকে সংঘটিত মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সন্ত্রাসী হামলার কঠোর জবাব দেয়ার অঙ্গীকারের কথা প্রায়ই উল্লেখ করছে। উপযুক্ত সময়ে ও উপযুক্ত স্থানে ওই জবাব দেয়া হবে বলে ইরানি ঘোষণার কারণে মার্কিন সরকারের নানা মহলে বেশ আতঙ্ক বিরাজ করছে।  

করোনা মোকাবেলায় ব্যর্থতা ও অর্থনৈতিক সংকটের কারণে ট্রাম্প সরকারকে দেশের ভেতরে ব্যাপক প্রতিবাদ ও নিন্দা সইতে হচ্ছে। আর তাই এদিক থেকে দৃষ্টি ফেরানোর জন্য ট্রাম্প দেশের বাইরে উত্তেজনা সৃষ্টি করতে চাইছে বলে অনেকেই মনে করছেন। কেউ কেউ বলছেন ট্রাম্প নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে আগ্রহী নন বলে যুদ্ধ-পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা হস্তান্তর করতে চাইছেন যা বেশ বিপজ্জনক। 

অবশ্য পারস্য উপসাগরীয় অঞ্চলে এ ধরনের মার্কিন সমর-সজ্জা বা তৎপরতা নতুন কোনো ঘটনা নয়। তাই মার্কিন রাজনৈতিক কাঠামো ও বিশ্ব সমাজের অবস্থান ট্রাম্পকে হঠকারিতা দেখানোর সুযোগ দেবে না বলেই বেশিরভাগ বিশ্লেষক মনে করছেন।

অন্যদিকে ইরানও এ অঞ্চলে সামরিক দিক থেকে বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং মার্কিন সামরিক তৎপরতায় দেশটি মোটেও ভীত নয়।#

পার্সটুডে/এমএএইচ/১