আইএইএ’র সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি ইরান
https://parstoday.ir/bn/news/iran-i93880-আইএইএ’র_সঙ্গে_চুক্তি_নবায়নের_ব্যাপারে_এখনো_সিদ্ধান্ত_নেয়নি_ইরান
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা বা না রাখা কিংবা সংস্থাটির সঙ্গে সাময়িক চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে ইরান এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুন ২৯, ২০২১ ০৪:৫৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা বা না রাখা কিংবা সংস্থাটির সঙ্গে সাময়িক চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে ইরান এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

তিনি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ইরান ভিয়েনা সংলাপের ফলাফল দেখার জন্য অপেক্ষা করছে। পশ্চিমা দেশগুলো পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে কিনা- তা দেখার পর তেহরান তার সিদ্ধান্ত নেবে।

ইরান বলছে, আমেরিকা তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার মাধ্যমে পরমাণু সমঝোতায় ফিরতে পারবে। অন্যদিকে আমেরিকা বলছে, ইরানকে আগে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরে যেতে হবে। কিন্তু তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে ওয়াশিংটনকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ভিয়েনা সংলাপে মতপার্থক্যের এই জায়গাটি এখনো অমীমাংসিত রয়ে গেছে।

সাপ্তাহিক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার দেশের ৩৬টি নিউজ ওয়েবসাইট বন্ধ করে দেয়ার মার্কিন পদক্ষেপ সম্পর্কে বলেন, এ ঘটনায় ইরানের মতো স্বাধীনচেতা দেশগুলোর কণ্ঠরোধ করার মার্কিন দাম্ভিক আচরণ ফুটে উঠেছে। একই সঙ্গে আমেরিকা বাক স্বাধীনতার যে দাবি করে তারও যে কোনো ভিত্তি নেই এ ঘটনায় তা আরেকবার প্রমাণিত হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।