প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে শাহ মেহমুদ কোরেশির সাক্ষাৎ
‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যত বেশি সম্ভব শক্তিশালী করবে ইরান’
-
মঙ্গলবার প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন পাক পরাষ্ট্রমন্ত্রী কোরেশি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তাগত সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে তার দেশ কোনো সীমারেখা মেনে চলবে না। ইরান সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি মঙ্গলবার তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি নিজ দেশের এ অবস্থান তুলে ধরেন।
তেহরানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে কোরেশি ইরান সফরে এসেছেন।আজ (বুধবার) এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধিদলের সফর বিনিময় অনুষ্ঠিত হলে দ্বিপক্ষীয় সহযোগিতাও শক্তিশালী হবে।
তিনি আফগান জনগণের দুঃখ-দুর্দশাকে মারাত্মক উদ্বেগজনক অভিহিত করে বলেন, আমরা আফগানিস্তানে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চাই এবং এ কাজে পাকিস্তান আমাদেরকে সাহায্য করতে পারে।
মার্কিন সেনারা চলে যাওয়ার পর আফগানিস্তানে দায়েশ জঙ্গিদের উত্থানে উদ্বেগ প্রকাশ করে রায়িসি বলেন, আফগানিস্তানের চলমান সংকটের জন্য আমরা আমেরিকাকে দায়ী মনে করি কারণ, দায়েশ জঙ্গিদেরকে মার্কিন সরকারই তৈরি করেছে।
তেহরানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রতি ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, এই সম্মেলনের মাধ্যমে আফগান সংকট সমাধানের পাশাপাশি এ অঞ্চল থেকে আমেরিকার হাত চিরদিনের জন্য গুটিয়ে ফেলার সুযোগ সৃষ্টি হবে বলে তেহরান আশা করছে।
সাক্ষাতে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের প্রতিবেশী দেশ হিসেবে ইরান ও পাকিস্তানের জনগণ চায় আফগান সংকট সমাধানে তেহরান ও ইসলামাবাদ ইতিবাচক ভূমিকা পালন করুক। কোরেশি বলেন, আফগানিস্তানের জরুরি ভিত্তিতে সাহায্য প্রয়োজন এবং এক্ষেত্রে গোটা বিশ্বকে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোকে এগিয়ে আসতে হবে।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।