শ্রোতাদের মতামত
রেডিও তেহরান সম্পর্কে একজন নতুন শ্রোতার মূল্যায়ন
প্রিয় মহোদয়, লেখনীর সূচনালগ্নে আমার শ্রদ্ধাপূর্ণ সালাম ও রজনীগন্ধার শুভেচ্ছা জানবেন। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে, রেডিও তেহরানের আমি একজন নতুন শ্রোতা। তবে আমি বাংলাদেশ বেতারের অনেক পুরোনো শ্রোতা। বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শোনার পাশাপাশি নিয়মিত চিঠিপত্র লিখি। সম্প্রতি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ শাহাদত হোসেন স্যার-এর উৎসাহ ও অনুপ্রেরণায় রেডিও তেহরানের সাথে আমার যুক্ত হওয়া এবং অনুষ্ঠান শোনা।
রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা শুরু করে সত্যিই আমি আনন্দিত। এমন সব সুন্দর অনুষ্ঠান শোনার সুযোগ করে দেয়ায় রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমাকে রেডিও তেহরানের সাথে পরিচয় করে দেয়ায় শাহাদত স্যারকেও ধন্যবাদ জানাই।
রেডিও তেহরানের বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, প্রিয়জন, কুরআনের আলো, সুখের নীড়, দর্পন, ইরান ভ্রমণসহ সকল অনুষ্ঠান আমার ভীষণ ভীষণ ভালো লাগে।
গত ১৫ ফেব্রুয়ারি তারিখের সকল পরিবেশনা ছিলো মনমাতানো। বিশ্বসংবাদ ও দৃষ্টিপাতের পর আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসালাম-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন ছিলো চমকপ্রদ। এ অনুষ্ঠান থেকে জানতে পারলাম আমীরুল মুমিনিন-এর কর্মময় জীবনের নানাবিধ তথ্য। ইসলামের এ মহান নেতা সম্পর্কে জানতে পেরে আমার খুব ভালো লাগছে। সবমিলিয়ে উক্ত দিনের আয়োজনমালা আমার মন ছুঁয়ে গেছে।
ইসলামের মহান ব্যক্তিদের সম্পর্কে এমন অনুষ্ঠান আরো শুনতে চাই। শুনতে চাই অন্যান্য দেশের ইসলামী চিন্তাবিদদের সম্পর্কেও। এছাড়া ইসলামের প্রচার ও প্রসারে যেসব বীর সেনানী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে তাদের জীবন সম্পর্কেও জানতে চাই।
প্রিয়জনে এটা আমার প্রথম লেখা। আশা করি উত্তর পাবো। উত্তর পেলে নিয়মিত লেখার চেষ্টা করবো। রেডিও তেহরানের সাথে আমার পথচলা দীর্ঘ হবে এমনটাই প্রত্যাশা।
জাহাঙ্গীর আলম পরদেশী
যুগ্ম সাধারণ সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব
সভাপতি, স্বপ্নের তরী বেতার শ্রোতা ক্লাব
গ্রাম: গোবরিয়া, ডাকঘর: লক্ষীপুর-২৩৩৮
থানা: কুলিয়ারচর, জেলা: কিশোরগঞ্জ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।