শ্রোতাদের মতামত
‘রেডিও তেহরান আমার আত্মার পরমাত্মীয়’
সুপ্রিয় মহোদয়, ফাল্গুনী শুভেচ্ছা রইল। ঘুমভাঙা মাঝরাতে মনে পড়ে তোমায়। উদাস দুপুরে শঙ্খচিলের দূর আকাশে ডানা মেলা দেখে মন ছুটে যায় পারস্য উপসাগরের পাড় বেয়ে তোমার কাছে। মন খারাপের নীল খামে সবুজ ঘাসের দ্বীপে জোনাকিদের জলসায় তোমাকে খুঁজে ফিরি ভালোবাসার ফেরিওয়ালা হয়ে।
ঝড়াপাতার দিনশেষে ফাগুনের কোকিলের গানে তোমাকে খুঁজি একাকী মনের মায়াকুঞ্জে! সন্ধ্যার মায়াবী উঠোনে আর সকালের উদিত সূর্যের আলোকরশ্মিতে তোমাকে খুঁজে চলি অনন্ত পিয়াসী হৃদয়ে।
চিরন্তন অমীয় সুধার বারিধায়ায় তোমাতে এতোটাই বিভোর যে, তুমি আমার আত্মার পরমাত্মীয়! তুমি শুধু প্রিয়জন নও, তুমি প্রার্থনা হয়ে মিশে আছো দিবস-রজনীর মহাকাব্যের সাতকাহন জুড়ে! আমার মনের মনিকোঠায় তুমি আছো অনুভবে, সত্য ও সততার সৌন্দর্য নিকেতনে তোমার জন্যই ফুটে ফুল, হাজারো বন্ধুদের বন্ধুত্বের গল্পগুলো তোমাকে ঘিরেই প্রাণবন্ত হয় রেডিও তেহরান প্লাটফর্মে। ছোটখাট কালবোশেখী ঝড়ের আঘাতের ছিটেফোঁটা আর মান-অভিমান শেষে গল্পগুলো বেয়ে চলে সময়ের স্রোতধারায়।
ফুল ফুটে, পাখি গায় গান, সৌরভের মধুকুঞ্জে আমাদের গল্পগুলো পূর্ণতা পায়- মমতায়, শ্রদ্ধায় আর ভালোবাসায় রেডিও তেহরানের সোমবারের আসর প্রিয়জন-এ। এ আসরের রাজ সিংহাসনে জনাব আশরাফুর রহমান আর রাজ কবি জনাব নাসির মাহমুদ ও আক্তার জাহান যেন মমতার শাশ্বত বন্ধনে কণ্ঠ জাদুতে শ্রোতাদেরকে বেঁধে রেখেছে যুগ-যুগান্ত ধরে।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশের আইআরআইবি ফ্যান ক্লাবের মহারাজ জনাব জাকারিয়া চৌধুরী যুবরাজ, আবু তাহের, শাহাদাৎ হোসেন কিংবা পশ্চিম বাংলার নাজিম উদ্দিন’রা যেন ফুল ফুটিয়ে যাচ্ছে রেডিও তেহরান কাননে!
শুভেচ্ছান্তে
হারুন অর রশীদ
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব
গ্রাম: পূর্ব নলছিয়া, পো: বিনোদটঙ্গী
থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।