শ্রোতাদের মতামত
‘রেডিও তেহরান মজলুমের মুখপাত্র হয়ে টিকে থাকবে যুগের পর যুগ’
আসসালামু আলাইকুম। লেখনীর শুরুতে বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ী গ্রাম থেকে আপনাদের প্রতি রইল একরাশ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আল্লাহর অশেষ রহমতে রেডিও তেহরান পরিবারের সকলে ভালো ও সুস্থ আছেন।
আমি বাংলাদেশ বেতারসহ বেশ কিছু আন্তর্জাতিক বেতার কেন্দ্রের একজন নিয়মিত শ্রোতা। পড়লেখার পাশাপাশি বিভিন্ন বেতার কেন্দ্রের অনুষ্ঠান শোনা ও অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানো আমার এক প্রকারের শখ বলা যায়। প্রতিটি মানুষের বিভিন্ন শখ থাকে বেতার শোনা আমার তেমনই এক প্রকারের শখ।
আমার এই শখের শুরু হয়েছিল ২০০৭ সালের দিকে তখন আমার বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। আমার বাবা অনেক আগে থেকেই বিবিসি, ভয়েস অফ আমেরিকা ও রেডিও তেহরানের নিয়মিত শ্রোতা ছিলেন। বাবার হাত ধরেই আমার রেডিও শোনার হাতেখড়ি হয়। বাবা আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলোর খবর গুলো মন দিয়ে শ্রবণ করতেন। বাবা আজ নেই কিন্তু স্মৃতি আজও অমলিন।
আমি ২০০৭ থেকে রেডিও তেহরান মাঝেমধ্যে শুনতাম কিন্তু বয়সে তখন ছোট থাকায় সাহস করে লেখা হয়নি। তাছাড়া বিদেশি বেতারে চিঠি লেখা নিয়ে একটু কৌতুহলও ছিল। অবশেষে আমার মনের ইচ্ছা পূরণ হয় ২০২০ সালের শেষের দিকে রেডিও তেহরানে ইমেইল প্রেরণের মাধ্যমে। প্রথম যেদিন রেডিও তেহরান থেকে নিজের চিঠির জবাব পেলাম সেদিন পরিবারের সবাই মিলে অত্যন্ত মনোযোগের সহিত অনুষ্ঠান শুনেছিলাম। সূদুর পারস্য উপসাগরের তীর থেকে ভেসে আসা ন্যায় ও সত্যের কণ্ঠস্বর রেডিও তেহরান থেকে নিজের নাম শুনতে পেয়ে আমার ও আমার পরিবারের সকল সদস্য যে কী পরিমাণ খুশি ও আনন্দিত হয়েছিল তা আমি লিখে প্রকাশ করতে পারব না। তারপর থেকে রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শুনছি ও মতামত দেয়ার চেষ্টা করছি।
রেডিও তেহরান বর্তমানে একমাত্র গণমাধ্যম যারা শ্রোতাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে। রেডিও তেহরানের সাথে আমার পথচলা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে সেই প্রত্যাশা করি। সত্য ও ন্যায়ের কন্ঠস্বর রেডিও তেহরান বিশ্বের নিপীড়িত ও মজলুম জনগোষ্ঠীর মুখপাত্র হয়ে টিকে থাকবে যুগের পর যুগ সেই প্রত্যাশায় আমার ছোট্ট স্মৃতিচারণ মুলক লেখাটির এখানেই ইতি টানছি।
শুভেচ্ছান্তে,
শাওন হোসাইন
সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ
গ্রামঃ খোশবাড়ী, পোস্টঃ খানগঞ্জ
থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৭