এরদোগানকে অবমাননার দায়ে এবার ‘মিস তুর্কি’র কারাদণ্ড
https://parstoday.ir/bn/news/west_asia-i10870-এরদোগানকে_অবমাননার_দায়ে_এবার_মিস_তুর্কি’র_কারাদণ্ড
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে অবমাননা করার দায়ে দেশটির সাবেক ‘মিস তুর্কি’ মেরভি বুইউকসারাককে ১৪ মাসের ‘স্থগিত কারাদণ্ড’ দেয়া হয়েছে। ইস্তাম্বুলের একটি আদালত মেরভিকে গতকাল (মঙ্গলবার) এ দণ্ডাদেশ দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০১৬ ১০:০০ Asia/Dhaka
  • সাবেক ‘মিস তুর্কি’ মেরভি বুইউকসারাক
    সাবেক ‘মিস তুর্কি’ মেরভি বুইউকসারাক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে অবমাননা করার দায়ে দেশটির সাবেক ‘মিস তুর্কি’ মেরভি বুইউকসারাককে ১৪ মাসের ‘স্থগিত কারাদণ্ড’ দেয়া হয়েছে। ইস্তাম্বুলের একটি আদালত মেরভিকে গতকাল (মঙ্গলবার) এ দণ্ডাদেশ দিয়েছে।

মেরভি সামাজিক যোগাযোগের মাধ্যমে ২০১৪ সালে একটি কবিতা শেয়ার করে এরদোগানকে অবমাননা করেছেন বলে অভিযোগ আনা হয়েছিল। স্থগিত এ কারাদণ্ডাদেশের অর্থ হচ্ছে অভিযুক্ত ব্যক্তি যদি আগামী পাঁচ বছরের মধ্যে আগের অভিযোগের পুনরাবৃত্তি না ঘটান তাহলে তাকে এ কারাদণ্ড ভোগ করতে হবে না। অবশ্য, ২০১৪ সালেই মেরভিকে ওই কবিতা শেয়ার করার দায়ে সংক্ষিপ্ত সময়ের জন্য কারাগারে নেয়া হয়েছিল। এরদোগান তখন তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন।

 

২৭ বছর বয়সী মডেল মেরভির আইনজীবী বলেছেন, তার মক্কেলের বিরুদ্ধে দেয়া রায়ের বিষয়ে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসে আপিল করা হবে। এ আইনজীবী দাবি করেন, যে কবিতার জন্য তার মক্কেলকে কারাদণ্ড দেয়া হয়েছে তা তার নিজের নয়। এ কবিতা আরো হাজার হাজার মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন। কবিতাটি ছিল তুরস্কের জাতীয় সঙ্গীতের ব্যাঙ্গাত্মক ভার্সন যাতে তুরস্কের প্রেসিডেন্টের নামই নেই।

জার্মান কৌতুক অভিনেতা জ্যান বোয়েমারম্যান

তুরস্কের আইন অনুযায়ী, প্রেসিডেন্টকে অবমাননা করলে চার বছরের বেশি কারাদণ্ড দেয়ার বিধান রয়েছে। মজার বিষয় হচ্ছে- ২০১৪ সালে এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার পর এ পর্যন্ত ১,৮০০’র বেশি মানুষের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। এর মধ্যে জার্মানির এক নাগরিকও রয়েছেন।#

 

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১