মস্কো বৈঠকে সিরিয়া থেকে তুর্কি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়েছে: দামেস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i122428-মস্কো_বৈঠকে_সিরিয়া_থেকে_তুর্কি_সেনা_প্রত্যাহার_নিয়ে_আলোচনা_হয়েছে_দামেস্ক
রাশিয়ার রাজধানী মস্কোয় সিরিয়া, তুরস্ক, ইরান ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানদের যে বৈঠক হয়েছে তাতে সিরিয়া থেকে তুর্কি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দামেস্ক। গত বেশ কিছুদিন ধরে নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছে তুরস্ক ও সিরিয়া।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
এপ্রিল ২৬, ২০২৩ ০৯:৪৮ Asia/Dhaka
  • মস্কো বৈঠকে সিরিয়া থেকে তুর্কি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়েছে: দামেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোয় সিরিয়া, তুরস্ক, ইরান ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানদের যে বৈঠক হয়েছে তাতে সিরিয়া থেকে তুর্কি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দামেস্ক। গত বেশ কিছুদিন ধরে নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছে তুরস্ক ও সিরিয়া।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, “সিরিয়ার ভূখণ্ড থেকে তুর্কি সেনা প্রত্যাহারেরর বিষয়ে গতকাল (মঙ্গলবার) মস্কো বৈঠকে আলোচনা হয়েছে।”

এর আগে মঙ্গলবার দিনের শুরুতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরিয়ায় নিরাপত্তা শক্তিশালী করা এবং সিরিয়া-তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করার কার্যকর উপায় নিয়ে চতুর্পক্ষীয় বৈঠকে আলোচনা হয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, বৈঠকে বিশেষ করে সিরিয়ায় এখনও রয়ে যাওয়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

বৈঠকে অংশগ্রহণকারী তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, তুরস্ক-সিরিয়া সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ‘দৃঢ় পদক্ষেপ’ নেয়ার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।

২০১২ সালে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আঙ্কারা। সে সময় সিরিয়ায় লেলিয়ে দেয়া অনেক সন্ত্রাসীকে তুরস্ক পৃষ্ঠপোষকতা দিত বলে অভিযোগ রয়েছে। ১১ বছর পর প্রতিবেশী দেশ দু’টি সম্পর্ক পুনঃস্থাপনের পথে হাঁটছে বলে মনে করা হচ্ছে। গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশ থেকে তুরস্ক সেনা প্রত্যাহার করে নিলে তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠকে বসবেন।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।