গাজায় ইসরাইলি আগ্রাসনে আরো ৩ ফিলিস্তিনির শাহাদাত; মোট নিহত ৩৩
https://parstoday.ir/bn/news/west_asia-i123116-গাজায়_ইসরাইলি_আগ্রাসনে_আরো_৩_ফিলিস্তিনির_শাহাদাত_মোট_নিহত_৩৩
অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে চালানো ইসরাইলি বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ নিয়ে গত চার দিনে ওই উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে শহীদ ফিলিস্তিনির সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৩, ২০২৩ ০৪:৪৯ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি আগ্রাসন
    গাজায় ইসরাইলি আগ্রাসন

অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে চালানো ইসরাইলি বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ নিয়ে গত চার দিনে ওই উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে শহীদ ফিলিস্তিনির সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।

গাজার আন-নাসর এলাকার একটি অ্যাপার্টমেন্টে শুক্রবারের সর্বশেষ বিমান হামলাটি চালানো হয়। হামলায় নিহতদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের একজন কমান্ডার রয়েছেন। আল-কুদস ব্রিগেড জানিয়েছে, শহীদ কমান্ডারের নাম আইয়াদ আল-আব্দ আল-হাসানি ওরফে আবু আনাস। তিনি সংগঠনটির মিলিটারি কাউন্সিলের একজন সদস্য এবং অপারেশন্স ইউনিটের প্রধান ছিলেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ছয় শিশু ও তিন নারীসহ ৩৩ জন শহীদ ও ১১১ জন আহত হয়েছেন।

গাজার আবাসিক এলাকাগুলোতে ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইলের গভীরে রকেট হামলা চালানোর প্রত্যয় জানিয়েছে ইসলামি জিহাদ। গত চারদিন ধরে অনবরত গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল।

এর প্রতিশোধ নিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলের বিভিন্ন শহর ও ইহুদি বসতি লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলি সেনারা জানিয়েছে, এ পর্যন্ত গাজা থেকে প্রায় ১,০০০ রকেট ছোড়া হয়েছে। শুক্রবার গাজা থেকে চলতি সংঘাতে প্রথমবারের মতো জেরুজালেম লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছেন প্রতিরোধ যোদ্ধারা। বৃহস্পতিবার প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত রকেট হামলায় ইসরাইলের রেহোভোত শহরে এক ইহুদিবাদী নিহত হয়। কাতার, মিশর ও জাতিসংঘ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।