ফিলিস্তিন মুক্তির জন্য মাঠে নামা মুসলমানদের জন্য ফরজ: ইরানের সর্বোচ্চ নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ফিলিস্তিন সব মুসলমানের। ফিলিস্তিনকে মুক্ত করার জন্য ময়দানে অবতীর্ণ হওয়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এটা একটা ধর্মীয় দায়িত্ব।
গতকাল (বুধবার) তেহরানে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া ও তার সফরসঙ্গীদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনিদের মাধ্যমে ইহুদিবাদী সেনাদের অবরুদ্ধ হয়ে পড়ার ঘটনা ফিলিস্তিনিদের পরিপূর্ণ বিজয়ের ইঙ্গিত দিচ্ছে।
তিনি বলেন, কেউ কি কখনো কল্পনা করেছিল একদিন ফিলিস্তিনি তরুণরা জেনিনে ইসরাইলি সেনাদেরকে এমনভাবে ঘেরাও করে ফেলবে যে, তারা নিজেদের রক্ষা করতে যুদ্ধবিমান ডাকতে বাধ্য হবে?
সর্বোচ্চ নেতা বলেন, ২/৩ বছর আগের তুলনায় ফিলিস্তিন পরিস্থিতির পরিবর্তন স্পষ্ট। কিছু কাল আগে কয়েক বছর ধরে ফিলিস্তিন ইস্যুটি স্তব্ধ হয়ে গিয়েছিল কারণ ময়দানে সংগ্রামী তরুণদের উপস্থিতি ছিল না। কিন্তু এখন তারা স্বেচ্ছায় মাঠে নেমেছে। আর তার চেয়েও বড় কথা হলো, তাদের নির্ভরতা ও আস্থা হচ্ছে ইসলামের ওপর।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন, গাজা হচ্ছে প্রতিরোধের কেন্দ্র। তবে যে বিষয়টি শত্রুদেরকে নতজানু হবে বাধ্য করবে তাহলো পশ্চিম তীর। এই অঞ্চলে এরিমধ্যে এ ক্ষেত্রে ভালো অগ্রগতি হয়েছে।#
পার্সটুডে/এসএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।