'ইহুদিবাদী শত্রুর দাবি মিথ্যা ও ভিত্তিহীন'
গাজার হাসপাতালে হামলা সম্পর্কে ‘ডাহা মিথ্যা' বলছে ইসরাইল: ইসলামি জিহাদ
অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলার ঘটনায় ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনকে দায়ী করে ইসরাইল ও তার পশ্চিমা সহযোগীরা যে বক্তব্য দিচ্ছে তা ‘ডাহা মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে এই প্রতিরোধ আন্দোলন।
ইসলামি জিহাদ বুধবার গাজায় প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আহত রোগীতে পরিপূর্ণ গাজার আল-আহলি আল-আরাবি হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালিয়ে ইসরাইল যে অপরাধ করেছে তার দায় থেকে নিজেকে মুক্ত করার জন্য ইসলামি জিহাদ আন্দোলনের কাঁধে দোষ চাপাচ্ছে তেল আবিব। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা একথা নিশ্চিত করছি যে, ইহুদিবাদী শত্রুর এই দাবি মিথ্যা ও ভিত্তিহীন।”
ইসলামি জিহাদের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী বোমা হামলার আগে হাসপাতালটি থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেয় এবং এর পরপরই একটি যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়।
গত মঙ্গলবার রাত ৮টার পর গাজার উত্তর অংশে অবস্থিত আল-আহলি বাপটিস্ট হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় ৪৭১ জন নিহত হন যাদের মধ্যে অনেক নারী, শিশু ও আহত রোগী ছিলেন। এর আগে হামাস ওই ঘটনায় ৫০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল।
তবে ইসরাইল ওই হামলার ঘটনায় ইসলামি জিহাদ আন্দোলনকে দায়ী করে দাবি করেছে, ওই প্রতিরোধ আন্দোলনের রকেট ভুল করে হাসপাতালটিতে নিক্ষিপ্ত হয়েছে। ইসরাইলের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো অনবরত এই মিথ্যা কথা প্রচার করে যাচ্ছে।
আল-আহলি হাসপাতালে হামলার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতেই মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়। জর্দান ও তুরস্কে ইসরাইলি দূতাবাস অভিমুখে এবং লেবাননে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা।
গাজার হাসপাতালে ইসরাইলি বোমা হামলার জের ধরে জর্দানে স্বাগতিক দেশের রাজা আব্দুল্লাহ, ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যে বৈঠক হওয়ার কথা ছিল তা বাতিল হয়ে যায়।
মঙ্গলবার রাতে আল-আহলি হাসপাতালে ইসরাইলি বোমাবর্ষণের খবর প্রচারিত হওয়ার পর আম্মানে আগে থেকে অবস্থানরত মাহমুদ আব্বাাস ওই শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করবেন না জানিয়ে জর্দান ত্যাগ করেন। তিনি বলেন, এখন যুদ্ধ বন্ধ করা ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না। এরপর রাজা আব্দুল্লাহ বৈঠকটি বাতিল করে দেন।#
পার্সটুডে/এমএমআই/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।