সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা যুদ্ধাপরাধ করছে: অ্যামনেস্টি
https://parstoday.ir/bn/news/west_asia-i13762-সিরিয়ায়_বিদেশী_মদদপুষ্ট_সন্ত্রাসীরা_যুদ্ধাপরাধ_করছে_অ্যামনেস্টি
বিদেশি মদদপুষ্ট সিরিয়ার সন্ত্রাসীরা যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেইসঙ্গে সন্ত্রাসীদেরকে সমর্থন দেয়ায় সৌদি আরব, তুরস্ক, কাতার এবং আমেরিকাকে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ০৫, ২০১৬ ১১:৫৫ Asia/Dhaka
  • সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসী
    সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসী

বিদেশি মদদপুষ্ট সিরিয়ার সন্ত্রাসীরা যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেইসঙ্গে সন্ত্রাসীদেরকে সমর্থন দেয়ায় সৌদি আরব, তুরস্ক, কাতার এবং আমেরিকাকে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।

সিরিয়ায় তৎপর আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আন-নুসরা ফ্রন্টের পাশাপাশি তথাকথিত আহরার আশ-শামস এবং নুরেদ্দিন জিংকি গোষ্ঠী যুদ্ধাপরাধে লিপ্ত রয়েছে বলে আজ (মঙ্গলবার) প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি জানিয়েছে। কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে কাতার, সৌদি আরব, তুরস্ক এবং আমেরিকা মদদ দিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আহরার আশ-শামসকে জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসীদের তালিকায় অর্ন্তভুক্ত করতে রাশিয়া দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে যাওয়া সত্ত্বেও আমেরিকার বাধার কারণে তাতে সফলতা আসেনি। এর আগে গত মে মাসে খবর বের হয়েছিল, আহরার আশ-শামসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান লাবিব আন-নাহাসকে ইউরোপীয় পাসপোর্টের মাধ্যমে আমেরিকা সফরের অনুমতি দেয়া হয়েছিল। আজ (মঙ্গলবার) অ্যামনেস্টির প্রতিবেদনে যেসব সন্ত্রাসীর গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়েছে তারা সিরিয়ার উত্তরাঞ্চলে নৃশংসতা চালাচ্ছে।

অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক প্রধান ফিলিপ লুথার বলেন, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো আলেপ্পো এবং ইদলিব প্রদেশে নির্বিচারে যুদ্ধাপরাধসহ আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে।মানবাধিকার সংস্থাটি যুদ্ধ-আইন মেনে চলতে এসব সন্ত্রাসী গোষ্ঠীকে বাধ্য করার জন্য  আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/৫