সিরিয়ার মানবিজ শহরে ২৮ দায়েশ নিহত; চলছে ভয়াবহ সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/west_asia-i14476-সিরিয়ার_মানবিজ_শহরে_২৮_দায়েশ_নিহত_চলছে_ভয়াবহ_সংঘর্ষ
সিরিয়ার কৌশলগত মানবিজ শহরে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ’র হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ২৮ সদস্য নিহত হয়েছে। বুধবার শহরের সাবা বাহরাত স্কয়ার এবং আরো গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখলের সময় সংঘটিত সংঘর্ষে এসব সন্ত্রাসী নিহত হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ১৩, ২০১৬ ২১:২৩ Asia/Dhaka
  • দায়েশ সন্ত্রাসীদের ফাইল ফটো
    দায়েশ সন্ত্রাসীদের ফাইল ফটো

সিরিয়ার কৌশলগত মানবিজ শহরে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ’র হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ২৮ সদস্য নিহত হয়েছে। বুধবার শহরের সাবা বাহরাত স্কয়ার এবং আরো গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখলের সময় সংঘটিত সংঘর্ষে এসব সন্ত্রাসী নিহত হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জার্মানির বার্তা সংস্থা ডিপিএ বলেছে, মানবিজ শহরের দক্ষিণাংশের হাজওয়ানা এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ এখন এসডিএফ’র হাতে। এছাড়া, আল-মাতাহেন এলাকার একটি স্কুল দখল করেছে তারা। শহরটিতে ভয়াবহ সংঘর্ষ চলছে বলে ডিপিএ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে এসডিএফ।

বিভিন্ন সূত্রে বলা হচ্ছে- এসডিএফ শহরের প্রায় ৬০ ভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে সন্ত্রাসীরা গাড়িবোমা হামলা ও মাইন ব্যবহার করায় শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। শহরের বাসিন্দাদেরকে মটরসাইকেল ব্যবহার না করতে এবং সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে চলাচল শেষ করার আহ্বান জানিয়েছে এসডিএফ। দিনের বাকি সময় তাদেরকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে এসডিএফ যোদ্ধারা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩