আমি সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা করেছি: প্রেসিডেন্ট আসাদ
-
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তিনি তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন এবং এ কারণে ইতিহাস তাকে দেশের অখণ্ডতা রক্ষাকারী শাসক হিসেবে স্মরণ করবে। এনবিসি টেলিভিশন চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। বাশার আসাদ বলেন, “আমি আশা করি ইতিহাস আমাকে এমন শাসক হিসেবে স্মরণ করবে যিনি তার দেশকে সন্ত্রাসবাদ ও বিদেশি হস্তক্ষেপ থেকে রক্ষা করেছেন।” তার এ সাক্ষাৎকার আজ (বৃহস্পতিবার) সম্প্রচারের কথা রয়েছে।
আসাদ বলেন, “যখন আপনি সন্ত্রাসীদের হাত থেকে আপনার দেশকে রক্ষা করবেন, সন্ত্রাসীদের হত্যা করবেন এবং সন্ত্রাসীদেরকে পারজিত করবেন তখন আপনি বর্বর নন; আপনি দেশপ্রেমিক।”
ইউরোপের বিভিন্ন দেশ যখন সিরিয়ার সঙ্গে নতুন সম্পর্কের উন্নয়ন ঘটানোর কথা বলছে তখন বাশার আসাদ এনবিসি টেলিভিশন চানেলকে এ সাক্ষাৎকার দিলেন। ধারণা করা হচ্ছে- সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিরিয়ার সরকার যে লড়াই করছে এসব দেশ এখন তার গুরুত্ব বুঝতে শুরু করেছে।
সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাশার আসাদের সঙ্গে কী আলোচনা করেছেন এমন এক প্রশ্নের জবাবে বাশার আসাদ বলেন, সিরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে মার্কিন চাপ সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখানো তাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার বিষয়ে একটি কথাও বলেন নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ প্রেসিডেন্ট পুতিন বাশার আসাদের ক্ষমতা ছাড়ার বিষয়ে কোনো চুক্তি করবেন কিনা এ নিয়ে তিনি মোটেই উদ্বিগ্ন নন। কারণ রাশিয়ার রাজনীতি চুক্তির ওপর নির্ভরশীল নয় বরং তা মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত।
জন কেরি আজ বৃহস্পতিবার মস্কো যাচ্ছেন। সিরিয়ার বিষয়ে শান্তি আলোচনা শুরুর পর চলতি বছর এ নিয়ে তিনি তিনবার মস্কো সফর করছেন।
মার্কিন পররাষ্ট্রনীতি সম্পর্কে বাশার আসাদ খুবই গুরুত্বপূর্ণ একটি দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের যেমন এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই তেমনি বারাক ওবামা, জর্জ বুশ কিংবা বিল ক্লিনটন কারোরই এ ধরনের অভিজ্ঞতা ছিল না। মার্কিন রাজনীতির একটি বড় ত্রুটির দিক হলো- কোনো শাসকই দীর্ঘনের রাজনীতির অভিজ্ঞতা নিয়ে আসেন না। কয়েক বছর সিনেট সদস্য কিংবা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন শেষে প্রেসিডেন্ট হলে সেই অভিজ্ঞতার অভাব পূরণ হয় না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪