মসুল অভিযানে আমেরিকাকে অংশগ্রহণ করতে দেবে না ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i15310-মসুল_অভিযানে_আমেরিকাকে_অংশগ্রহণ_করতে_দেবে_না_ইরাক
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী উদ্ধারের অভিযানে মার্কিন সেনাদের অংশগ্রহণের বিরোধিতা করেছে ইরাকের পার্লামেন্ট। এটি বলেছে, ইরাকি সেনাবাহিনী এককভাবে দায়েশ-নিয়ন্ত্রিত শহরটি পুনর্দখল করতে পারবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০১৬ ১৩:০২ Asia/Dhaka
  • ইরাকি পার্লামেন্ট
    ইরাকি পার্লামেন্ট

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী উদ্ধারের অভিযানে মার্কিন সেনাদের অংশগ্রহণের বিরোধিতা করেছে ইরাকের পার্লামেন্ট। এটি বলেছে, ইরাকি সেনাবাহিনী এককভাবে দায়েশ-নিয়ন্ত্রিত শহরটি পুনর্দখল করতে পারবে।

ইরাকি পার্লামেন্টের নিরাপত্তা ও প্রতিরক্ষা কমিটির সদস্য নায়েফ আশ-শাম্মারি একথা জানিয়েছেন। আরবি-ভাষার আল-মালুমা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মসুল মুক্ত করার অভিযানে বিদেশি সেনা মোতায়েনের তীব্র বিরোধিতা করেন তিনি।

স্বেচ্ছাসেবী বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিটের সহযোগিতায় ইরাকি সেনাবাহিনী এরইমধ্যে মসুল উদ্ধার অভিযান শুরু করেছে বলে আশ-শাম্মারি জানান। তিনি বলেন,  ইরাকি সেনাবাহিনী এরইমধ্যে তিকরিত, ফালুজা ও রামাদি শহর দায়েশের কাছ থেকে মুক্ত করেছে। কাজেই মসুল মুক্ত করার জন্যও বিদেশি সেনার প্রয়োজন হবে না।

এর আগে বৃহস্পতিবার ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, মসুল অভিযানের জন্য ইরাকি সেনারা এখন ওই শহরের পথে রয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার মসুল উদ্ধার অভিযানে ইরাকে সেনা পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করার পর বাগদাদের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো। সম্প্রতি কার্টার বলেছিলেন, মসুল মুক্ত করার অভিযানে বাগদাদকে সহায়তা করার জন্য ইরাকে আরো ৫৬০ মার্কিন সেনা পাঠানো হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২