ইরাকি বাহিনীর অভিযানে দায়েশের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i15568-ইরাকি_বাহিনীর_অভিযানে_দায়েশের_শীর্ষস্থানীয়_কমান্ডার_নিহত
ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০১৬ ১৪:৪০ Asia/Dhaka
  • ইরাকি বাহিনীর অভিযানে দায়েশের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত

ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছে।

প্রদেশটির শিরকাত শহরের উপকণ্ঠে অবস্থিত আল-জাহলেহ গ্রামে ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযানে আবু আল-হারিত আল-লিবি নামের ওই কমান্ডার নিহত হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন। স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ইরাকি সেনাবাহিনীর চালানো ওই অভিযানে আরো অজ্ঞাত সংখ্যক দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

দায়েশের কাছ থেকে  শিরকাত শহরটি পুনর্দখলে নিতে নিরাপত্তা বাহিনী সম্প্রতি সেখানে প্রবেশ করেছে বলে ইরাকের সংবাদ মাধ্যম জানিয়েছে।

এদিকে, ইরাকের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিরকুক প্রদেশে দায়েশের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একই পরিবারের তিন সদস্যকে সন্ত্রাসীরা হত্যা করেছে। একটি নিরাপত্তা সূত্র আস-সুমারিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছে, গতকাল (রোববার) কিরকুক প্রদেশের হাওয়িজা শহরের রাশাদ এলাকায় দায়েশ স্বামী-স্ত্রীসহ তাদের দুই বছরের এক শিশুকন্যাকে পুড়িয়ে হত্যা করেছে। হামরিন পার্বত্য এলাকা দিয়ে সালাউদ্দিন প্রদেশের পাশ্ববর্তী আল-আলম এলাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় দায়েশ ওই পরিবারের তিন সদস্যকে নির্মমভাবে হত্যা করে।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৫