আলেপ্পোয় চূড়ান্ত অভিযানের প্রস্তুতি; নিরাপদ করিডর তৈরি
https://parstoday.ir/bn/news/west_asia-i15811-আলেপ্পোয়_চূড়ান্ত_অভিযানের_প্রস্তুতি_নিরাপদ_করিডর_তৈরি
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের আরো একটি এলাকা পুনর্দখল করেছে দেশটির সরকারি সেনারা। ওই এলাকা দখলের পর সেনাবাহিনী বেসামরিক লোকজনকে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য নিরাপদ করিডর তৈরি করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৮, ২০১৬ ১৩:৪৮ Asia/Dhaka
  • আলেপ্পোর রাস্তায় সিরিয়ার সেনাদের দেখা যাচ্ছে
    আলেপ্পোর রাস্তায় সিরিয়ার সেনাদের দেখা যাচ্ছে

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের আরো একটি এলাকা পুনর্দখল করেছে দেশটির সরকারি সেনারা। ওই এলাকা দখলের পর সেনাবাহিনী বেসামরিক লোকজনকে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য নিরাপদ করিডর তৈরি করেছে।

আলেপ্পো শহর থেকে বেসামরিক লোকজনকে চলে যেতে এবং সন্ত্রাসীদেরকে আত্মসমর্পণ করতে এখন সিরিয়ার সরকার বিমান থেকে লিফলেট ফেলছে। বেসামরিক লোকজনকে সরাতে পারলে সেখানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর পথ খুলে যাবে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু আজ (বৃহস্পতিবার) বলেছেন, এতদিন যেসব মানুষ সন্ত্রাসীদের হাতে আটকে ছিল তাদের উদ্ধার অভিযানে রুশ সেনারা ব্যাপকভাবে অংশ নিচ্ছে। তিনি জানান, বেসামরিক লোকজনের শহর ছাড়ার জন্য তিনটি করিডর প্রতিষ্ঠা করা হয়েছে। তবে শহরের কোন কোন এলাকায় কথিত মধ্যপন্থি গেরিলা গোষ্ঠী ‘ফ্রি সিরিয়ান আর্মি’ অবস্থান করছে সে বিষয়ে মার্কিন সামরিক বাহিনী কোনো তথ্য দেয় নি।

ফ্রি সিরিয়ান আর্মির বিষয়ে রুশ সেনাদের সঙ্গে সমন্বয় করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছিল রাশিয়া যাতে আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে হামলার সময় মধ্যপন্থি এ গেরিলারা আক্রমণের শিকার না হয়। কিন্তু আমেরিকা এ বিষয়ে কোনো তথ্য দেয় নি। এ অবস্থায় রাশিয়া আলেপ্পো শহরের চতুর্থ করিডর প্রতিষ্ঠার কথা চিন্তা করছে যাতে ফ্রি সিরিয়ান আর্মির গেরিলারা বের হতে পারে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮