লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি হিজবুল্লাহ ও প্রতিরোধ অক্ষের নিরন্তর সংগ্রামের ফল: কলিবফ
-
মোহাম্মদ বাকের কলিবফ
ইরানের সংসদের স্পিকার বলেছেন, লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি কার্যকর হওয়া হিজবুল্লাহ এবং আঞ্চলিক প্রতিরোধ অক্ষের অন্যান্য সদস্যের নিরন্তর সংগ্রামের ফল।
সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদ বাকের কলিবফ লেখেন, "লেবাননে একটি ব্যাপক যুদ্ধবিরতি সম্পন্ন ও সুসংহত করা হবে মহান হিজবুল্লাহর প্রতিরোধ ও দৃঢ় সংগ্রাম এবং প্রতিরোধ-অক্ষের ঐক্যের ফল।"
এই মন্তব্য করা হয়েছে যখন হিজবুল্লাহ দখলকৃত ভূখণ্ডের উত্তরাংশে ইসরাইলি সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তু এবং অবৈধ বসতিগুলোর বিরুদ্ধে একের পর এক নির্ণায়ক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের এই প্রতিরোধ আন্দোলন দক্ষিণ লেবাননে অনুপ্রবেশের চেষ্টারত ইসরাইলি সেনা ও আকাশযানগুলোর বিরুদ্ধেও টানা পাল্টা হামলা চালাচ্ছে।
এই পাল্টা হামলাগুলো হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি শাসনগোষ্ঠীর ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তির নিরন্তর লঙ্ঘনের মোকাবিলায় করা হয়েছে। সেই চুক্তি অনুযায়ী, লেবাননকে লক্ষ্য করে ইসরায়েলি প্রাণঘাতী আগ্রাসন বন্ধ করার কথা ছিল।
ইরান জোর দিয়ে বলেছে যে, লেবাননে একটি ব্যাপক যুদ্ধবিরতি বাস্তবায়ন গত বুধবার ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি আগ্রাসনের অবসানে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ। গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি শাসনগোষ্ঠী লেবাননজুড়ে বেসামরিক এলাকায় ধ্বংসাত্মক হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। জবাবে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন একদিন পরে একাধিক ইসরাইলি সামরিক ও কৌশলগত স্থাপনায় লক্ষ্য করে ধারাবাহিক পাল্টা হামলা চালায়।
গতকাল (বুধবার) এসব পাল্টা অভিযান পুরোদমে চলতে থাকে, কারণ ইসরাইলি শাসনগোষ্ঠী লেবাননের বেসামরিক এলাকা, বিশেষ করে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল। ইসলামি প্রতিরোধের যোদ্ধারা বুধবার মেতুল্লা, কফার গিলাদি, কিরিয়াত শমোনা, দোভিভ, শলোমি, মাতজুভা, ইয়ারা, আভদন, কফার ভ্রাদিম, নাহারিয়া এবং শাভেই জিওন বসতিগুলোকে একাধিক রকেট ব্যারেজ হামলার লক্ষ্য করে।
কলিবফ বলেন, "প্রতিরোধ ও ইরান একই সত্তা, যুদ্ধ হোক আর যুদ্ধবিরতি হোক।" তিনি আরও উল্লেখ করেন, লেবাননে কোনো সম্ভাব্য যুদ্ধবিরতি মেনে চলতে যুক্তরাষ্ট্র বাধ্য থাকবে এবং "ইজরায়েল ফার্স্ট' নীতি থেকে সরে আসবে।"
লেবাননের আল মানার টেলিভিশন জানিয়েছে, ইরানি চাপের ফলে, সমগ্র লেবাননের ভূখণ্ডে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি অর্জিত হয়েছে, যা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির সাথে সঙ্গতিপূর্ণ।
এই পদক্ষেপটি ছিল আলোচনার নতুন দফায় প্রবেশের জন্য ইরানের নির্ধারিত একটি পূর্বশর্ত এবং তেহরান আলোচনা প্রক্রিয়া পুনরায় শুরুর আগেই তা আরোপ করতে সফল হয়েছে।#
পার্সটুডে/এমএআর/১৬