সামরিক পরামর্শের জন্য ইরানকে ধন্যবাদ জানাল ইরাক
-
রাজধানী বাগদাদে আজ (বুধবার) অনুষ্ঠিত দায়েশ বিরোধী আন্তর্জাতিক সম্মেলন
উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বিরোধী অভিযানে ইরাকের সেনাবাহিনীকে সামরিক পরামর্শ দেয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। একইসঙ্গে সন্ত্রাস বিরোধী যুদ্ধে রুশ বিমান সহযোগিতারও প্রশংসা করেছেন তিনি।
রাজধানী বাগদাদে আজ (বুধবার) দায়েশ বিরোধী এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এবাদি আরো বলেন, জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীর আরো বেশি প্রশিক্ষণ ও প্রস্তুতি প্রয়োজন।
ইরাকে বিদেশি সামরিক উপদেষ্টাদের উপস্থিতির ব্যাপারে কোনো কোনো মহলের সমালোচনায় বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবাদি। তিনি বলেন, ইরাকে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাকারী সব সৈন্য ইরাকি এবং এখানে যুদ্ধ করার জন্য কোনো বিদেশি সেনা মোতায়েন নেই।
শিগগিরই দায়েশের হাতে থাকা ইরাকের সর্বশেষ শহর মসুলের পতন হবে বলে আশা প্রকাশ করেন এবাদি। তিনি বলেন, “কেউ কেউ মসুল অভিযান পিছিয়ে দেয়ার চেষ্টা করছেন। আমি তাদেরকে এ ব্যাপারে সতর্ক করে দিচ্ছি।”
মসুল মুক্ত করার অভিযানে বিমান সহায়তার প্রয়োজন আছে উল্লেখ করেন ইরাকি প্রধানমন্ত্রী বলেন, যেসব দেশ এই অভিযানে সহায়তা করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে বাগদাদ। ইরাকের অনুরোধেই বিদেশি সামরিক উপদেষ্টারা ইরাকি সেনাবাহিনীকে পরামর্শ দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০