চূড়ান্ত অভিযান শুরুর পর লোকজন ফিরতে শুরু করেছে মানবিজে
-
মানবিজ শহরে ফিরছে সাধারণ মানুষ
সিরিয়ার মানবিজ শহরে সহিংসতায় লিপ্ত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরুর পর শহরটিতে আবার সাধারণ লোকজন ফিরে আসতে শুরু করেছে।
কৌশলগত দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ মানবিজ শহরে শুক্রবার থেকে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ দায়েশ-বিরোধী অভিযান শুরু করেছে এবং সন্ত্রাসীরা পরাজয়ের মুখে রয়েছে। কোনো কোনো সূত্র বলছে, এরইমধ্যে দায়েশ পরাজিত হয়েছে এবং মানবিজ শহর থেকে পালিয়েছে। মানবিজ শহরে বেশিরভাগই কুর্দি জনগোষ্ঠীর বসবাস রয়েছে। নতুন করে শহরে ফিরতে পেরে সেখানকার লোকজন উচ্ছ্বাস প্রকাশ করেছে তবে যুদ্ধের ক্ষতচিহ্ন তাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সিরিয়ায় কুর্দি-আরব জোট এসডিএফ নামে পরিচিত। চূড়ান্ত অভিযান শুরুর আগে মানবিজ শহরের একটি অংশ এসডিএফ’র নিয়ন্ত্রণে এবং বাকি অংশ দায়েশ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ছিল।
এসডিএফ’র মুখপাত্র শারফান দারভিশ জানান, “হাজার হাজার মানুষ ফিরে আসছে এবং দোকানপাট খুলছে। আজই প্রথম এ শহরে স্বাভাবিক জীবন ফিরে এল।”
জোটের তথ্য অনুসারে, আশপাশের গ্রাম ও অস্থায়ী শরণার্থী শিবির থেকে হাজার হাজার মানুষ গাড়িতে করে তাদের নিজেদের ঘর-বাড়িতে ফিরছে। এসডিএফ সদস্যরা বলছেন, তারা এখন শহরের অবকাঠামো পুনঃনির্মানের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
সিরিয়া ও তুরস্ক সীমান্তের উত্তরে এবং রাকা শহরে সন্ত্রাসীদের জন্য একমাত্র সরবরাহ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছিল মানবিজ শহর।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪