হামলা চালিয়ে ফিলিস্তিনিদের চেতনা বিনষ্ট করতে পারবে না ইসরাইল: হামাস
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল হামলা চালিয়ে ফিলিস্তিনিদের চেতনা বিনষ্ট করতে পারবে না। অধিকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ধারাবাহিক হামলার পর এক বিবৃতিতে এ ঘোষণা দেয় হামাস। অধিকৃত এলাকায় হামাসের আয়োজিত কুচকাওয়াজের পরই এ হামলা চালানো হয়।
উত্তরাঞ্চলীয় গাজার বেইত হানোন, বেইত লাহিয়া এবং জাবালিয়া শহরের বিরুদ্ধে বিমান এবং কামান হামলা করেছে ইহুদিবাদী ইসরাইল। হামলায় অনেকে ফিলিস্তিন আহত হয়েছে। এ ছাড়া, শহরগুলোর অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে।
ইহুদিবাদী ইসরাইল দাবি করেছে, গাজা থেকে ইসরাইলি নগরী সিদেরোতে একটি রকেট হামলার জবাবে হামলা করা হয়েছে। এদিকে, হামলার পর দেয়া বিবৃতিতে হামাস বলেছে, অধিকৃত ফিলিস্তিনিদের বিরুদ্ধে অব্যাহত হত্যাকাণ্ডের অংশ হিসেবে এ হামলা চালিয়েছে ইসরাইল।
হামলা চালিয়ে ফিলিস্তিনিদের চেতনা বিনষ্ট করা যাবে না উল্লেখ করে হামাস আরো বলেছে, অধিকৃত ভূখণ্ডে যে কোনো উত্তেজনা বৃদ্ধির জন্য একক ভাবে দায়ী থাকবে ইসরাইল।#
পার্সটুডে/মূসা রেজা/২২