তুর্কি সামরিক অভিযান সিরিয়ার সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন: দামেস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i18112-তুর্কি_সামরিক_অভিযান_সিরিয়ার_সার্বভৌমত্বের_সুস্পষ্ট_লঙ্ঘন_দামেস্ক
সিরিয়ার অভ্যন্তরে তুর্কি বিশেষ বাহিনীর অভিযানকে দেশটির সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তুর্কি সেনা অভিযানের নিন্দা জানিয়ে বলেছে, দেশটির অভ্যন্তরে যেকোনো ধরনের সামরিক অভিযান হতে হবে দামেস্কের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৫, ২০১৬ ০৩:১৯ Asia/Dhaka
  • সিরিয়ায় অনুপ্রবেশ করছে তুর্কি ট্যাংকের বহর
    সিরিয়ায় অনুপ্রবেশ করছে তুর্কি ট্যাংকের বহর

সিরিয়ার অভ্যন্তরে তুর্কি বিশেষ বাহিনীর অভিযানকে দেশটির সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তুর্কি সেনা অভিযানের নিন্দা জানিয়ে বলেছে, দেশটির অভ্যন্তরে যেকোনো ধরনের সামরিক অভিযান হতে হবে দামেস্কের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে।

বুধবার ওই মন্ত্রণালয় এক বলেছে, সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে নির্মূল করা তুরস্কের সেনা অভিযানের উদ্দেশ্য নয়; বরং আঙ্কারা অন্য কোনো গোষ্ঠীকে দায়েশের স্থলাভিষিক্ত করতে চায়।

তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ও কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে অভিযান চালানোর অজুহাতে বুধবার সিরিয়ায় বিশেষ বাহিনী পাঠিয়েছে আঙ্কারা। বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বুধবার ভোরে বিশেষ বাহিনীর পাশাপাশি তুর্কি ট্যাংক বহরও সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় অনুপ্রবেশ করেছে।

পাশাপাশি সিরিয়ার সরকার বিরোধী মিলিশিয়া গোষ্ঠী ‘ফ্রি সিরিয়ান আর্মি’কে বিমান সহায়তাও দিচ্ছে তুরস্ক। এই মিলিশিয়া বাহিনীর সদস্যরা সিরিয়ার উত্তরাঞ্চলীয় জারাবলুস শহর দখলের প্রস্তুতি নেয়ার জন্য সম্প্রতি তুরস্ক সফরে গিয়েছিল বলে খবর পাওয়া গেছে। গতকাল তারা জারাবলুস থেকে  তিন কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম দখল করে নিয়েছে।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের জারাবলুস শহরটি বর্তমানে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে।

তুর্কি সেনাবাহিনী দাবি করেছে, তাদের কামানের গোলা ও ক্ষেপণাস্ত্রের আঘাতে জারাবলুস শহরের ৮২টি লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। এ ছাড়া, তুর্কি জঙ্গিবিমান শহরটির ১২টি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করেছে বলেও দাবি করেছে আঙ্কারা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫