সিরিয়ার দারাইয়া শহর ত্যাগ করতে শুরু করেছে বিদ্রোহীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i18245-সিরিয়ার_দারাইয়া_শহর_ত্যাগ_করতে_শুরু_করেছে_বিদ্রোহীরা
সিরিয়া সরকারের সঙ্গে এক সমঝোতার ভিত্তিতে দেশটির বিদ্রোহীরা রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত দারাইয়া শহর ছেড়ে যেতে শুরু করেছে। আজ (শুক্রবার) সকালে শুরু হওয়া এ সমঝোতার বাস্তবায়নকে সিরিয়ার সেনাবাহিনীর জন্য বড় ধরনের সাফল্য বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৬, ২০১৬ ১৩:৫৮ Asia/Dhaka
  • বিদ্রোহীদের শহর থেকে বের করে নিতে প্রস্তুত রেড ক্রিসেন্টের গাড়ির বহর
    বিদ্রোহীদের শহর থেকে বের করে নিতে প্রস্তুত রেড ক্রিসেন্টের গাড়ির বহর

সিরিয়া সরকারের সঙ্গে এক সমঝোতার ভিত্তিতে দেশটির বিদ্রোহীরা রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত দারাইয়া শহর ছেড়ে যেতে শুরু করেছে। আজ (শুক্রবার) সকালে শুরু হওয়া এ সমঝোতার বাস্তবায়নকে সিরিয়ার সেনাবাহিনীর জন্য বড় ধরনের সাফল্য বলে মনে করা হচ্ছে।

সিরিয়া সরকারের সঙ্গে এক সমঝোতার ভিত্তিতে দেশটির বিদ্রোহীরা রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত দারাইয়া শহর ছেড়ে যেতে শুরু করেছে। আজ (শুক্রবার) সকালে শুরু হওয়া এ সমঝোতার বাস্তবায়নকে সিরিয়ার সেনাবাহিনীর জন্য বড় ধরনের সাফল্য বলে মনে করা হচ্ছে।

সমঝোতা অনুযায়ী রেড ক্রিসেন্টের ২৫টি বাস ও ১৫টি গাড়িতে করে বিদ্রোহীদের শহরটি থেকে বের করে নেয়া হচ্ছে। সিরিয়ার বিভিন্ন সূত্র জানিয়েছে, বিদ্রোহীদেরকে দারাইয়া শহর ছেড়ে দেশটির উত্তরাঞ্চলীয় ইদলিব শহরে স্থানান্তর করবে রেড ক্রিসেন্ট। এ প্রক্রিয়া টানা চারদিন ধরে চলবে।

সমঝোতা অনুযায়ী, দারাইয়া শহরে অবস্থানরত প্রায় ৭০০ বিদ্রোহী তাদের হালকা ও ভারী অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ সিরিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। বিদ্রোহীরা শহরটি ছেড়ে চলে যাওয়ার পর সেনাবাহিনী এটির ৪,০০০ অধিবাসীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব গ্রহণ করবে।

এদিকে আল-মায়াদিন টিভি চ্যানেল খবর দিয়েছে, বিদ্রোহীরা দারাইয়া শহর ছেড়ে চলে যাওয়ার আগে তাদের হাতে থাকা কাগজ ও দলিলপত্র আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে।

অন্যদিকে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান লিখেছে, “চার বছর অবরুদ্ধ থাকার পর দারাইয়া শহর অবশেষে সিরিয়ার সেনাবাহিনীর হাতে পড়েছে। শহরটি সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের সরকার বিরোধী লড়াইয়ের প্রতীক হিসেবে বিবেচিত হতো।”

বিশ্লেষকরা সেনাবাহিনীর হাতে এই শহরের পতনকে সিরিয়ার বিদ্রোহীদের জন্য বড় ধরনের আঘাত বলে মনে করছেন। তাদের মতে, রাজধানী দামেস্কের কাছ থেকে বিদ্রোহীদের এই সরে পড়ার ফলে পরিস্থিতির ওপর প্রেসিডেন্ট আসাদের নিয়ন্ত্রণ আরো শক্তিশালী হবে।

দারাইয়া শহরে অবস্থানরত বিদ্রোহীরা গত কয়েক মাস ধরে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ‘দারা’ নিয়ন্ত্রণকারী ফ্রি সিরিয়ান আর্মির কাছে সাহায্য চাচ্ছিল। তাদের দাবি ছিল ফ্রি সিরিয়ান আর্মি যেন দারাইয়ায় সেনাবাহিনীর অবরোধ ভাঙতে সাহায্য পাঠায়। কিন্তু সিরিয়ার সেনাবাহিনীর সতর্ক অবস্থানের কারণে বিদ্রোহীদের সে প্রচেষ্টা সফল হয়নি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬