ইসরাইলের জঙ্গিবিমান ও ড্রোন ভূপাতিত করেছে সিরিয়া
-
গোলান মালভূমিতে গত মঙ্গলবার ইহুদিবাদী ইসরাইলের হামলা
সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের একটি জঙ্গিবিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার সেনা অবস্থানে ইহুদিবাদী ইসরাইলের হামলার পর এ খবর এল। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা খবরটি প্রকাশ করেছে।
সিরিয়ার একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, দেশের আকাশসীমায় ঢুকে ইসরাইলি জঙ্গিবিমান সিরিয়ার সেনা অবস্থান হামলা চালানোর সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরাইলি ব্মিানটিকে শনাক্ত করা হয় এবং গুলি করে একে ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা এলাকায় বিমানটিকে ভূপাতিত করা হয় বলে ওই সেনা কর্মকর্তা জানান। এছাড়া, ইসরাইলের ড্রোনটিকে রাজধানী দামেস্কের কাছাকাছি সা’সা এলাকায় ভূপাতিত করা হয়েছে।
এদিকে, বার্তা সংস্থা সানার এ রিপোর্ট প্রকাশের পর ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, সিরিয়ায় তাদের কোনো বিমান ভূপাতিত হয় নি। তবে স্বীকার করেছে যে, বিমান হামলার সময় সিরিয়া থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
গত মঙ্গলবার সকালে ইসরাইলের জঙ্গিবিমান গোলান মালভূমিতে সিরিয়ার দুটি কামানের ওপর হামলা চালায়। সপ্তাহ খানেকের মধ্যে এটি ছিল ইসরাইলের পক্ষ থেকে পঞ্চম হামলা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩