অবিলম্বে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন: ব্রিটিশ এমপি
-
ইয়েমেনের বিরুদ্ধে গোলা নিক্ষেপ করছে সৌদি সেনারা ( ফাইল ফটো)
দারিদ্র পীড়িত ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি না করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। সৌদি আরব ইয়েমেনের ভেতরে যেসব মানবাধিকার লঙ্ঘন করেছে তার পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত রিয়াদের কাছে অস্ত্র বিক্রি না করতে ব্রিটিশ এমপিরা এ আহ্বান জানান।
ব্রিটিশ সংবাদ মাধ্যম গতকাল (বৃহস্পতিবার) বলেছে, অস্ত্র বিক্রি সংক্রান্ত আন্তর্জাতিক আইন এবং রীতি-নীতির প্রতি ব্রিটেনের দেয়া প্রতিশ্রুতির ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছে দেশটির অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ বিষয়ক কমিটি বা সিএইসি।
কমিটির প্রধান ক্রিস হোয়াইট বলেছেন, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার লক্ষ্যে সরকারকে এখনই জরুরি ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, তদন্ত করতে গিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে এরইমধ্যে আমরা কিছু প্রমাণ পেয়েছি যে, ব্রিটেনের তৈরি অস্ত্র ব্যবহার করে ইয়েমেনে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে রিয়াদ।
তিনি আরো বলেন, "যতদিন পর্যন্ত আমরা নিশ্চিত না হব যে, ইয়েমেনে কোনো ধরণের মানবাধিকার লঙ্ঘন করা হয় নি ততদিন পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন জোটের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখতে হবে। এই ক্ষেত্রে আরো অপেক্ষা এবং 'ধীরেচলো' নীতিও গ্রহণ করা চলবে না।"
এছাড়া, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের ব্যবহার করা গুচ্ছবোমার ওপর একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনেরও আহ্বান জানিয়েছেন হোয়াইট।#
পার্সটুডে/বাবুল আখতার/১৬