অনশনরত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে বাধ্য হলো ইসরাইল
-
মুক্তির পর মালিক আল-কাদি
ইহুদিবাদী ইসরাইল একজন অনশনরত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে দুই মাসেরও বেশি সময় আগে ওই ফিলিস্তিনি বন্দি ইসরাইলি কারাগারে অনশন ধর্মঘট শুরু করেছিলেন।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট শনিবার জানিয়েছে, ফিলিস্তিনি বন্দি মালিক আল-কাদিকে ইসরাইলি কারাগার থেকে সরাসরি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনশন করে স্বাস্থ্যের মারাত্মক অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
মালিক আল-কাদি অবশ্য গত বুধবারই তার অনশন ভাঙেন। তার বিরুদ্ধে আরোপিত নির্বাহী আটকাদেশ আর নবায়ন করা হবে না বলে ইহুদিবাদী কর্তৃপক্ষ ঘোষণা দেয়ার পর তিনি খাদ্য গ্রহণ করেন।
অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন পলিসির আওতায় ইহুদিবাদী ইসরাইল শত শতি ফিলিস্তিনিকে বিনা বিচারে আটক রেখেছে। এই নীতির আওতায় আটক ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন ছাড়াই অনির্দিষ্টকালের জন্য তাদেরকে আটক রাখছে মানবতার শত্রু ইসরাইল। এ নীতির প্রতিবাদে প্রায়ই ফিলিস্তিনি বন্দিরা অনশন ধর্মঘটন করছেন।
ইহুদিবাদী ইসরাইলের কারাগারগুলোতে বর্তমানে অন্তত ৭,৫০০ ফিলিস্তিনি আটক রয়েছেন। এদের মধ্যে সাতশ’ জনের বেশি ফিলিস্তিনিকে নির্বাহী আটকাদেশ দিয়ে বন্দি করে রাখা হয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫